shono
Advertisement
Moyna

ময়নায় গেরুয়া ঝড়! ৪টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিধি মেনে নিয়োগ প্রধান, উপপ্রধান

প্রশাসনিক কাজে গতি আনতে মঙ্গলবার ময়না ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক নিয়োগ বিধি মেনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নিয়োগ হল।
Published By: Jaba SenPosted: 08:38 PM Aug 04, 2026Updated: 09:06 PM Aug 04, 2026

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের ময়না (Moyna) ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের পদাধিকারীরা পদত্যাগ করতে শুরু করেন। আর পদত্যাগের কারণে একপ্রকার অচলাবস্থা দেখা দেয় পঞ্চায়েতগুলিতে। প্রশাসনিক কাজে গতি আনতে মঙ্গলবার ময়না ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক নিয়োগ বিধি মেনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নিয়োগ হল। এদিন উপস্থিত ছিলেন ময়না বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা।

Advertisement

ময়না ব্লকের নৈছনপুর -১, নৈছনপুর- ২, গোজিনা এবং ময়না- ২ গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক নিয়ম বিধি মেনে গোপন ভোটে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে। নৈছনপুর-১ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান পদে নির্বাচিত হন পূর্বে নিযুক্ত থাকা সবিতা সিংহ, এবং উপপ্রধান পদে নির্বাচিত হন মধুমিতা মাজী। পাশাপাশি নৈছনপুর -২ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন মিতা দাস দিন্ডা এবং উপপ্রধান পদে নির্বাচিত হন নান্টু মণ্ডল।

অন্যদিকে, গোজিনা গ্রাম পঞ্চায়েতের পূর্বতন প্রধান ছিলেন ময়না বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী চন্দন মণ্ডলের স্ত্রী খুকুরানী মণ্ডল। তিনিও রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করেন পঞ্চায়েত প্রধানের পদ থেকে। তবে মঙ্গলবার প্রশাসনিকভাবে ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন বাসন্তী সাহু শীল। পাশাপাশি উপপ্রধান পদে পূর্বতন সদস্য সৌমেন করকে নির্বাচিত করা হয়। ময়না ২ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন অনিন্দিতা পুষ্টি বাড়ুই এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন সুনীল মাজী।

ময়না (Moyna) ব্লকের এই চারটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে পালাবদল হওয়ায় রীতিমতো গেরুয়া আবির নিয়ে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। এদিন মন্ত্রী অশোক দিন্ডা-সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উত্তম সিং এবং ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু ও ময়না ব্লক বিজেপি কনভেনার সম্রাট সামন্ত। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিং বলেন, এতদিন তৃণমূলের আমলে এলাকার উন্নয়ন ঘটেনি। এলাকার উন্নয়নের বদলে তৃণমূলের নেতাদেরই আর্থিক উন্নয়ন ঘটেছে। বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। পট পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সমস্ত পঞ্চায়েত এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে। আজ শান্তিপূর্ণভাবেই প্রশাসনিক নিয়মমাফিক ভোট পর্বের মাধ্যমে চারটি গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়। ময়না ব্লকের বহু রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement