shono
Advertisement
Driving license

বাজছে নিষিদ্ধ এয়ার হর্ন, লাইসেন্স ছাড়াই সরকারি বাস চালাচ্ছেন চালক! হাতেনাতে ধরল পুলিশ

পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচিতে মঙ্গলবার বর্ধমানে ট্রাফিক পুলিশের অভিযানে এমনই হাল ধরা পড়ল সরকারি বাসে। বেশ কয়েকটি স্কুল বাসেও এদিন একই হাল ধরা পড়ে।
Published By: Jaba SenPosted: 10:03 PM Aug 04, 2026Updated: 10:03 PM Aug 04, 2026

সরকারি বাসেও বাজছে নিষিদ্ধ এয়ার হর্ন। দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ওই বাসটির ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস, পলিউশন সার্টিফিকেট সবকিছুরই মেয়াদ উত্তীর্ণ। এমনকী সরকারি বাসের চালকের নেই কোনও ড্রাইভিং লাইসেন্স। পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচিতে মঙ্গলবার বর্ধমানে ট্রাফিক পুলিশের অভিযানে এমনই হাল ধরা পড়ল সরকারি বাসে। বেশ কয়েকটি স্কুল বাসেও এদিন একই হাল ধরা পড়ে।

Advertisement

বর্ধমানের বীরহাটা সাব ট্রাফিক পোস্টের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন অভিযান চলছিল। এই সমস্ত বাস ও বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে এয়ার হর্ন খুলে দেওয়া হয়। এদিন ট্রাফিক পুলিশের অভিযানের সময় সরকারি বাসের চালক পুলিশ কর্মীদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি শুরু করেন। পুলিশের তরফে বাহন পরিবহণ অ্যাপে চেক করে দেখা যায়, বাসের কোনও নথিই ঠিক নেই। এরপরই বাস থেকে এয়ার হর্ন খুলে দেওয়া হয়। আরও বেশ কয়েকটি বাসের এয়ার হর্ন খুলে নেওয়া হয়। ট্রাফিক ওসি জানান, এদিন অভিযান চালানোর সময়েই বেশ কিছু বাসে নিয়ম না মানার অসঙ্গতি দেখা গিয়েছে। তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আগামিদিনে এরকম চলতে থাকলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার এক আধিকারিক এদিনের ঘটনার বিষয়ে বলেন, এটা কাম্য নয়। এর আগেও এমন ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি বাসে সমস্ত নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে। সোমবার থেকে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে জেলায়। তারই মাঝে দুর্ঘটনাও ঘটছে। সোম ও মঙ্গলবার জেলার বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার সকালে রায়না থানার খালেরপুল এলাকায় পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহী বৃদ্ধর মৃত্যু হয়েছে। মৃতের নাম উজির আলী খাঁ। বাড়ি রায়না থানার উদয়কৃষ্ণপুর এলাকায়। এছাড়া ভাতার থানা এলাকায় মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় তিনজন জখম হয়েছিলেন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement