রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুরুলিয়ায় দুই দলীয় কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাচ্ছে বিজেপি। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়াতে দলের উপজাতি মোর্চার নেতা জগন্নাথ টুডুর খুনের ঘটনা নিয়েও সিবিআই তদন্তের দাবি জানাতে চলেছে বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু একথা জানিয়েছেন।
তিনি জানান, প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা হয়েছে। কলকাতায় আসছেন পরিবারের সদস্যরা। পুরুলিয়াতে ত্রিলোচন ও দুলাল দু’জনকেই খুন করা হয়েছে বলে দাবি বিজেপির। দুলালের ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। ময়নাতদন্তের রিপোর্টকে কি আত্মহত্যা বলা যায়? প্রশ্ন বিজেপি নেতৃত্বের। ঘটনাটি আত্মহত্যা কি না সেটা তো পুলিশ তদন্ত করে বলবে। একইসঙ্গে বিজেপি নেতাদের প্রশ্ন, সাত ফুট শূন্যে উঠে গিয়ে কীভাবে আত্মহত্যা সম্ভব? সায়ন্তন বসুর অভিযোগ, ‘দুলাল নিখোঁজ হওয়ার আগে মোটরবাইকে করে এসে তাঁকে হুমকি দেওয়া হয়। এরপর দুলাল নিখোঁজ হয়।’
[দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার চালকের পচাগলা দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়]
বিজেপির অভিযোগ, পুলিশ, মাফিয়া এবং আগে যারা মাওবাদী বর্তমানে তৃণমূল, তারা মিলিতভাবেই দায়ী এই খুনের ঘটনায়। দু’টো খুন একই দলের কাজ। পুরুলিয়ার ঘটনাকে ইস্যু করে সারা রাজ্যে আন্দোলন ছড়িয়ে দিয়ে শাসকদলকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সিবিআই তদন্তের দাবি ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পুরুলিয়াতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। জেলা সদরে সব থানায় বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে। কলকাতাতেও আন্দোলন হবে। শহরে ২৬ জুলাই বড় আন্দোলনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এদিকে পুরুলিয়াতে দু’টি খুনের ঘটনায় যুক্ত সন্দেহে এরকম যেসব তৃণমূলের নেতাদের নাম গ্রামবাসীরা বলেছে, সেরকম পাঁচজনের বিরুদ্ধে সোমবার এফআইআর করছে বিজেপি। দলের তরফ থেকে পুরুলিয়াতে গ্রামরক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। গ্রাম পাহারা দিচ্ছেন বিজেপি কর্মীরা। রাজ্য নেতা ও কেন্দ্রীয় নেতারা লাগাতার পুরুলিয়া যাবেন বলে ঠিক হয়েছে। কেন্দ্রীয় টিমও আসছে। কারা আসবেন? সোমবার সিদ্ধান্ত নেবেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দলের জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য বলছে পুরুলিয়ার বিভিন্ন থানার ওসিরা। হুমকি দেওয়া হচ্ছে। সেই হোয়াটসঅ্যাপ রেকর্ডিংও নির্বাচন কমিশনকে দিচ্ছে বিজেপি।
[সমাজবিরোধীদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত মানুষ, চুঁচুড়ায় বিক্ষোভের মুখে বিধায়ক]
The post পুরুলিয়ায় ২ দলীয় কর্মীর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাচ্ছে বিজেপি appeared first on Sangbad Pratidin.
