সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁকিনাড়া বাজারে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শনিবার লালবাজার অভিযানে বিজেপি। শুক্রবার দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে কাঁকিনাড়া বাজারে আক্রান্ত হন দিলীপ ঘোষ। পায়ে ইট লাগে দিলীপবাবুর। জখম হন তাঁর সঙ্গে থাকা কয়েকজন বিজেপি নেতা-কর্মীও। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দলীয় সভাপতির উপর হামলার ঘটনায় তৃণমূল জড়িত। তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া এলাকা। গোটা ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ঘটনার প্রতিবাদে আসানসোলেও বিক্ষোভ মিছিল করে গেরুয়া শিবির। তবে সেই মিছিল ঘিরে বিজেপি কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয় পরিস্থিতি। জখম হন বেশ কয়েকজন বিজেপি সমর্থক ও পুলিশকর্মী।
[এবার এম পি বিড়লা স্কুল, দিনের পর দিন যৌন নির্যাতন দুধের শিশুকে]
বিজেপির লালবাজার অভিযানের ভিডিও-
জানা গিয়েছে, শুক্রবার দলীয় সভা শেষ করে দিলীপ ঘোষ যখন ফিরছিলেন তখন কাংকিনাড়া বাজার চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটে। দিলীপ ঘোষের বক্তব্য, “ভিড়ের মধ্যে থেকে কিছু লোক ঝাঁপিয়ে পড়ে। সাইকেল নিয়ে এসেছিল। ইট ছুড়তে শুরু করে। আমার নিরাপত্তা রক্ষীরও হাতে আঘাত লাগে। রাজ্য জুড়েই তৃণমূল বিজেপির উপর আক্রমণ চালাচ্ছে। আমরা ভয় পাই না। আসলে তৃণমূল আমাকে হজম করতে পারছে না।” হামলায় বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় জখম হয়েছেন। যুব মোর্চার সভাপতির মাথায় ইট লাগে বলে অভিযোগ। দিলীপবাবুর নিরাপত্তা কর্মী আগ্নেয়াস্ত্র বের করলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
[‘দেড় লক্ষ টাকা দিয়ে মেয়েকে নামী স্কুলে ভরতির এই পরিণাম?’]
এদিন বিজেপির রাজ্য নেতৃত্ব শামিল হয় লালবাজার অভিযানে। কলকাতা পুলিশ বিজেপির মিছিল লালবাজারের আগেই আটকে দেয়। সেখানে তখন উত্তপ্ত হয় পরিস্থিতি।
ভিডিও সৌজন্যে- BJP West Bengal
The post দিলীপের উপর হামলার প্রতিবাদ, উত্তপ্ত হল বিজেপির লালবাজার অভিযান appeared first on Sangbad Pratidin.
