উদয়নের বিরুদ্ধে মামলাকারীর এবার বিচারকের সামনে বয়ান বদল! রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে ৫ মামলার সঙ্গে বৃহস্পতিবার নতুন একটি মামলা যোগ করা হয়েছিল । সেই মামলায় বিচারক রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর শারীরিক অবস্থার কথা চিন্তা করে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। একদিনের পুলিশ হেফাজত শেষে শুক্রবার প্রাক্তন মন্ত্রী উদয়নকে পুনরায় আদালতে তোলা হলে বিচারকের সামনে জবানবন্দি দিতে গিয়ে নিজের বয়ানে বদল করেন অভিযোগকারী তপন বর্মন।
সরকারপক্ষের আইনজীবী মৃগাঙ্গ সেনগুপ্ত বলেন, "বিচারকের সামনে মুচলেখা দিয়ে অভিযোগকারী তপন বর্মন দাবি করেন, ২০২১ সালের যে ঘটনা নিয়ে তিনি অভিযোগ করেছেন সেই ঘটনার দিন সেখানে উদয়ন উপস্থিত ছিলেন না। এমনকি সেই ঘটনায় আরেক অভিযুক্ত হযরত মিয়াঁ তিনিও সেদিন উপস্থিত ছিলেন না। এই মামলায় উদয়ন গুহকে জামিন দেওয়া হলেও তার কোন আপত্তি নেই।"
তারপরেই বিচারক উদয়ন গুহকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত জেলে হেফাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন। সাহেবগঞ্জ থানা ওই একই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ৯ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। সওয়াল জবাব শেষে বিচারক পুলিশি হেফাজতের আবেদন খারিজ করে ফের জেল হেফাজতের নির্দেশ দেন।
