shono
Advertisement
Abhishek Banerjee

সরকারি জমির মাটি-গাছ পাচার! অভিষেকের বিরুদ্ধে নালিশ

অভিযোগকারীর দাবি, ২০১৬ সাল থেকে নদিয়ার কালিগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের প্রায় ৩৩ হাজার বিঘা সরকারি (ভেস্টেড) জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 07:27 PM Jul 15, 2026Updated: 07:28 PM Jul 15, 2026

সরকারি জমির মাটি এবং সেখানে বসানো গাছ পাচারের অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, বিধায়ক আলিফা আহমেদ-সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তদন্তের দাবিতে কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ কালিগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ। কৃষ্ণনগরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

বাপন ঘোষের দাবি, ২০১৬ সাল থেকে নদিয়ার কালিগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের প্রায় ৩৩ হাজার বিঘা সরকারি (ভেস্টেড) জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে ওই জমির বহু মূল্যবান গাছ কেটে পাচার করা হয়েছে বলেও অভিযোগ। তাঁর দাবি, তার ফলে সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এবং অভিযুক্তরা বিপুল অর্থ লাভ করেছেন। অভিযোগকারী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বনদপ্তর এবং পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। তবে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রতিবাদ করায় তাঁকে এবং আন্দোলনে শামিল কয়েকজন স্থানীয় মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আলিফা আহমেদ, প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ, ব্যবসায়ী সুনীল খৈতান-সহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভোটের ফলপ্রকাশের পর থেকেই অভিষেকের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ উঠেছে। কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি-সহ নানা অভিযোগে সুর চড়িয়েছেন অনেকেই। ডিজে মন্তব্য মামলায় এদিন কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশ্য বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের ভাঙনের জন্য অভিষেকই দায়ী করেছেন দলত্যাগীরা। শুধুমাত্র 'এজেন্সি আতঙ্কে' দলবদল বলেই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রুজিরার সিবিআই হাজিরার প্রসঙ্গ টেনে তাঁর আরও দাবি, "অভিষেক খারাপ এটা বাহানা। রুজিরা বাচ্চা কোলে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিল। আপনারা পারেন না। এসব বাহানা দেবেন না। অভিষেক আজও বাঘের মতো লড়ে যাচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement