shono
Advertisement
Diljit Dosanjh Satluj row

দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের 'রুখতে' এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র

দিলজিৎ দোসাঞ্ঝের ছবি সতলুজ নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা দেশ। রবিবার আচমকাই জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ‘সতলুজ’ ছবিটি সরিয়ে নেওয়া হয়। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে দিলজিৎ অভিনীত ছবিটি ঘিরে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:04 PM Jul 15, 2026Updated: 10:04 PM Jul 15, 2026

জঙ্গি কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদের প্রতি সহানুভূতি! দিলজিৎ দোসাঞ্ঝের ছবি সতলুজ নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা দেশ। রবিবার আচমকাই জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ‘সতলুজ’ ছবিটি সরিয়ে নেওয়া হয়। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে দিলজিৎ অভিনীত ছবিটি ঘিরে। সূত্রের খবর, সতলুজ বিতর্ক থেকে 'শিক্ষা' নিতে চলেছে কেন্দ্র। তার জন্য প্রয়োজনে নিয়মও বদলে দেওয়া হতে পারে।

Advertisement

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবির জন্য এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র বাধ্যতামূলক নয়। কিন্তু সতলুজ নিয়ে হইচইয়ের আবহে কেন্দ্র চাইছে, এবার ওটিটি প্ল্যাটফর্মের নানাবিধ কনটেন্টের উপরেও থাকুক সেন্সর বোর্ডের নজরদারি। আইটি রুল, ২০২১ অনুযায়ী, সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মে যেকোনও কনটেন্ট দেখানো যায়। কিন্তু সেই নিয়ম এবার পালটাতে চলেছে মোদি সরকার।

ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৯এ ধারাকে কাজে লাগানো হতে পারে বলেই কেন্দ্র সূত্রে খবর। এই ধারা অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, শৃঙ্খলা, অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক-এই বিষয়গুলিকে আঘাত করা কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে কনটেন্ট যদি সেন্সর বোর্ডের আওতায় না-ও থাকে, তাহলেও সংশ্লিষ্ট কনটেন্টের বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে। আইনের এই ধারাকে হাতিয়ার করে এবার কেন্দ্র চাইছে ওটিটিতে মুক্তি পাওয়া ছবির জন্যও সেন্সরের ছাড়পত্র বাধ্যতামূলক করতে।

উল্লেখ্য, দীর্ঘ তিন বছরের টালবাহানার পর সবে মুক্তির আলো দেখেছিল দিলজিৎ দোসাঞ্ঝের ‘সতলুজ’। যদিও আইনি জটিলতার জেরে বড়পর্দার আলো দেখার অবকাশ পায়নি। পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। তবে মুক্তির দিন দুয়েকের মধ্যেই ‘মেরুকরণে’র অভিযোগে ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় জি ফাইভ থেকেও তুলে নেওয়া হয় ছবিটি। একাংশের মত, ‘সতলুজ’ হিন্দু ও শিখদের মধ্যে বিভাজন তৈরি করছে। যদিও এই সিনেমা নিয়ে কেন্দ্রের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু ছবি সরিয়ে দেওয়ার পরই পাঞ্জাবের ক্ষমতাসীন দল আপের প্রশ্ন, কেন এই সিনেমা হলে মুক্তি পেল না? দলের সাংসদ মালবিন্দর সিং কাং বলেন, “যখন কোনও দেশ নিজের ইতিহাসকেই ভয় পায় তখন এভাবে সেন্সরশিপকে হাতিয়ার করে।” ছবি সরিয়ে নেওয়ার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ সুখপাল খাইরাও। বিজেপির অঙ্গুলিহেলনেই ছবির উপর খাঁড়া নেমে এসেছে বলে তাঁদের মত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement