নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: বিয়ের একমাসও পেরোয়নি। তার মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল নবদম্পতির। আর নবদম্পতির আত্মহত্যা ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল বীজপুরের চালপট্টি এলাকায়। মৃতের নাম আকাশ বিশ্বাস (১৮) এবং রিনিকা দাস (১৭)।
[মর্মান্তিক! বাথরুমের জল ভরতি বালতিতে ডুবে মৃত্যু একরত্তির]
আকাশ স্থানীয় একটি জুটমিলের অস্থায়ী কর্মী ছিলেন। এদিন রাতেই দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ দেখা দেয় পরিবারের লোকজনদের। দরজা ধাক্কা দিয়ে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন আকাশের মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখেন, বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে নয়া দম্পতি আত্মহত্যা করেছে। খবর দেওয়া হয় বীজপুর থানায়। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরেই আকাশ ও রিনিকার মধ্যে প্রণয়ঘটি সম্পর্ক ছিল। এবছরের সরস্বতী পুজোর দিন ওঁরা বিয়ে করে। বিয়ের মাত্র ২ সপ্তাহের মধ্যে তাদের এই পরিণতিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে,আকাশের বাবা অনিল বিশ্বাস পেশায় রাজমিস্ত্রি। নদিয়ার পায়রাডাঙার বাসিন্দা আকাশের বড়দি অর্পিতা দাস বলেন, “ভাইয়ের নাইট ডিউটি ছিল। তাই ভাই সারাদিন বাড়িতেই ছিল। বিকেল চারটে নাগাদ ওরা চা করেও খেয়েছিল। তারপর ওরা দুইজনে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরেই ছিল। তবে ওরা কেন আত্মহত্যা পথ বেছে নিল,তা বুঝতে পারলাম না।”
কিন্তু কী কারণে বিয়ের একমাসের মধ্যেই দম্পতি আত্মহত্যা করল, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এলাকার লোকজনের মধ্যে। পুলিশ আকাশের বাবা, মা ও ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পারিবারিক গণ্ডগোল, না কি অর্থনৈতিক কোনও সমস্যার জেরেই দম্পতি আত্মহত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
[মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রিয়া]
The post বিয়ের এক মাসের মধ্যেই দম্পতির রহস্যমৃত্যু, উঠছে খুনের অভিযোগ appeared first on Sangbad Pratidin.
