পলাশ পাত্র, তেহট্ট: বিশ্বস্বাস্থ্য দিবসে মেয়ের অন্নপ্রাশনে রক্তদানের অনুষ্ঠান করে অনন্য নজির গড়লেন এক শিক্ষক দম্পতি। শিক্ষকদের বাড়িতে নিমন্ত্রিত এসে স্বেচ্ছায় রক্তদান করলেন। ভোটের আগে প্রবল গরমের মধ্যে সীমান্ত তেহট্টে এমন অনুষ্ঠানের আয়োজন করায় অভিভূত জেলা স্বাস্থ্য আধিকারিক তাপস রায়।
তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য দিবসে এমন অভিনব অনুষ্ঠান নিঃসন্দেহে বড় সাফল্য। গ্রীষ্মকালে রক্তের অভাব বেশি থাকে। এই সময় মেয়ের অন্নপ্রাশনে রক্তদানের অনুষ্ঠান অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। ওই দম্পতিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এ ঘটনায় আরও মানুষ রক্তদানে এগিয়ে আসলে রক্তহীনতায় কারও মৃত্যু হবে না বলে আশা তাঁর।
[আরও পড়ুন: নির্বাচনের দিন ‘পোল ভোট’ করবে তৃণমূল, নয়া দাওয়াই অনুব্রতর]
রবিবার দুপুরে তেহট্টর একটি লজে তখন চলছে রক্তদান। মাস ছয়ের শিশুকন্যা আদৃতা নতুন পোশাক পরে কিছুই বুঝতে পারছিল না। শুধু এদিক-ওদিক তাকাচ্ছিল। গরমের মধ্যে মানুষের সমাগম দেখে বরং মাঝেমধ্যেই কেঁদে উঠছিল। মা রিম্পি হালদার মণ্ডল কোলে নিয়ে মেয়ের কান্না থামান। রক্তদাতারা শিশুকে কোলে নিলেন। কেউ গাল টিপে দিলেন তো কেউ চুমু খেয়ে আশীর্বাদ করে গেলেন। ছ’বছর আগে পেশায় শিক্ষিকা রিম্পির সঙ্গে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটের শিক্ষক আদিত্য নারায়ণ মণ্ডলের বিয়ে হয়। মেয়ে হওয়ার পর থেকেই মণ্ডল পরিবারে খুশির বন্যা বয়ে যায়। মণ্ডল দম্পতির একমাত্র সন্তান আদৃতা। আর দশজন মা-বাবার মতো তাকে ঘিরে রিম্পি-আদিত্যর অনেক স্বপ্ন। কিন্তু অন্যরা যা সচরাচর করেন না, রবিবার তাই করলেন তাঁরা। রক্তদানের অনুষ্ঠান তো হলই, একইসঙ্গে রক্তদাতাদের হাতে তাঁরা তুলে দিলেন একটি গাছ ও তাঁদের মেয়ের ছবি দেওয়া স্মরণিকা।
আটজন মহিলা-সহ ৩০ জন রক্ত দিলেন অনুষ্ঠানে। এখানেই শেষ নয়, সন্ধেয় ৫০ জন অনাথ শিশুকে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল। তারপর শুরু হয় এক হাজার নিমন্ত্রিত ব্যক্তির নৈশভোজ। এদিনের অভিনব অনুষ্ঠান প্রসঙ্গে আদিত্য নারায়ণ ও রিম্পি মণ্ডল বলেন, “গ্রীষ্মকালে রক্তের সমস্যা থাকে। তার উপর সামনেই ভোট। এই সময় রক্তের আকাল হয়। আমরা রেডক্রসের সঙ্গে যুক্ত। মেয়ের অন্নপ্রাশনে রক্তদানের মাধ্যমে তাই একটা বার্তা দিতে চেয়েছিলাম। রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমস্ত মানুষের এগিয়ে আসা দরকার। বিশ্বস্বাস্থ্য দিবসে মেয়ের অন্নপ্রাশন হওয়ায় সেখানেই এই আয়োজন করি।” এদিন চিকিৎসকরা ছাড়াও ছিলেন রেডক্রসের তেহট্ট মহকুমার সম্পাদক অপূর্ব ঘোষ।
[আরও পড়ুন: রবিবাসরীয় প্রচারেও বাজল বাবুলের সেই গান, কমিশনের সঙ্গে সংঘাতের পথে বিজেপি]
The post বিশ্বস্বাস্থ্য দিবসে মেয়ের অন্নপ্রাশনে রক্তদানের অনুষ্ঠান শিক্ষক দম্পতির appeared first on Sangbad Pratidin.
