shono
Advertisement
Cyber Fraud

সাইবার প্রতারণা মামলায় ধৃত শিল্পপতি পবন রুইয়াকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

দেশজুড়ে একাধিক অনলাইন প্রতারণার টাকা শিল্পপতি পবন রুইয়া ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ উঠেছে।
Published By: Jaba SenPosted: 07:45 PM Apr 01, 2026Updated: 08:04 PM Apr 01, 2026

সাইবার প্রতারণা মামলায় ধৃত শিল্পপতি পবন রুইয়াকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। পবনের বিরুদ্ধে ৬০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। দেশজুড়ে একাধিক অনলাইন প্রতারণার টাকা এই শিল্পপতি ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বলে দাবি করা হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে পবনকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় বুধবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আগামী ৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। 

Advertisement

পবন রুইয়ার আইনজীবী বিবেক শর্মা জানিয়েছেন, পবনকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। বর্তমানে বেশিরভাগ পেমেন্ট অনলাইন মাধ্যমে হয়ে থাকে। এর জন্য বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করা হয়। আমরা অনেক সময়ই বুঝতে পারি না কে, কীসের টাকা পাঠাচ্ছেন। এই পরিস্থিতিতে যদি কোনও কোম্পানিতে চার-সাড়ে চার লাখ টাকা চলে আসে তাহলে কিছুই করার থাকে না। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পবনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। কয়েকশো কোটি টাকা প্রতারণা হয়েছে। এটি একটি বিরাট আর্থিক তছরুপের মামলা, যা দেশজুড়ে বিস্তৃত । দু'পক্ষের সওয়াল জবাব শুনে এদিন আদালত পবন রুইয়াকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত চলছে। পবন রুইয়ার আইনজীবীর চার-সাড়ে চার লাখ টাকা তছরুপের তত্ত্ব খারিজ করে দিয়েছেন রাজদীপ।

উল্লেখ্য, ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পবন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই সময় তদন্তকারীরা প্রথমে ৩১৫ কোটি টাকার অঙ্কের হদিশ পেয়েছিলেন। পরে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তদন্তকারীরা পবন রুইয়ার অফিস ও বাড়িতে তল্লাশি চালান। একাধিক কাগজপত্রও উদ্ধার করা হয়েছিল। পরে দেখা যায় প্রতারণার অঙ্ক ৬০০ কোটি টাকা। তদন্তকারীরা পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন। এদিকে, কলকাতা হাই কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন শিল্পপতি। জামিনের আবেদন মঞ্জুরও করেছিল আদালত। যদিও শর্ত বেঁধে দেয় জেলা আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে। এদিন আদালতে ফের পবনের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হয়েছিল। কিন্ত সেই জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপরই তদন্তকারীরা পবনকে গ্রেপ্তার করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement