সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষা নিয়োগ নিয়ে জট কাটাতে নতুন করে টেট পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর৷ গত শুক্রবারই প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবিষয়ে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার জানিয়ে দেওয়া হল, প্রশিক্ষণ ছাড়া আর টেট পরীক্ষায় বসতে পারবেন না প্রার্থীরা৷
[বিষাক্ত আফিমের খোসা তুলতে গিয়ে মৃত ৩, আহত আরও ২]
এতদিন পর্যন্ত প্রশিক্ষণ ছাড়াও টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় বসার অনুমতি ছিল৷ কিন্তু এবার আর সেই সুযোগ পাবেন না প্রশিক্ষণহীনরা৷ অর্থাৎ এবার থেকে উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ এবং প্রশিক্ষণপ্রাপ্তরাই টেট পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করবেন৷ ইতিমধ্যেই পর্ষদকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর৷ সোমবারই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে খবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী সপ্তাহেই পরীক্ষার বিজ্ঞপ্তি জানানো হবে৷ নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে ফিরিয়ে নেওয়া হয়েছে বাতিল নিয়োগপত্র। শোনা যাচ্ছে প্রায় রাজ্যের বিভিন্ন জেলায় যে ২৫ হাজার শূন্য পদ তৈরি হয়েছে, তার জন্যই নেওয়া হবে পরীক্ষা৷ সব ঠিকঠাক থাকলে চলতি বছরই ফের লিখিতভাবে টেট পরীক্ষা নেওয়া হবে বলেই খবর।
[স্নান করতে গিয়ে দিঘার সমুদ্রে তলিয়ে গেল ডাক্তারি পড়ুয়া]
গত সপ্তাহে মানিকবাবু জানান, প্রাথমিকে কর্মরত টেট উত্তীর্ণ পার্শ্বশিক্ষক, যাঁরা সরকারি নথিভুক্ত, তাঁদের প্রত্যেককে এদিন নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ দু’বছরের ডিএলইডি কোর্সের কিছুপ্রার্থী এক বছরের সার্টিফিকেট জমা দিয়েছিলেন৷ এমন ৭২ জন প্রার্থীকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ ২০৭ জন টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থী নিয়োগপত্র পাননি৷ তাঁদের চাকরিতে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে৷
The post প্রশিক্ষণ ছাড়া আর বসা যাবে না প্রাথমিক টেট পরীক্ষায় appeared first on Sangbad Pratidin.
