shono
Advertisement
Asansol

পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের

সকালে সময়মতো জিনিস ডেলিভারি দেওয়ার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন দুই যুবক। কিন্তু গ্রাহকদের বাড়ি আর জিনিসপত্র পৌঁছে দেওয়া সম্ভব হল না! মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের।
Published By: Suhrid DasPosted: 05:47 PM Jun 27, 2026Updated: 06:23 PM Jun 27, 2026

সকালে সময়মতো জিনিস ডেলিভারি দেওয়ার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন দুই যুবক। কিন্তু গ্রাহকদের বাড়ি আর জিনিসপত্র পৌঁছে দেওয়া সম্ভব হল না! মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। গুরুতর জখম হয়ে অপর এক যুবক হাসপাতালে ভর্তি। মৃতের নাম সুমনকুমার সিং। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুমারপুর এলাকায়। বাইক আরোহী ওই দুই যুবককে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকে জিটি রোড।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২২-এর সুমনকুমার সিং ও বছর ২৩-এর আদিত্য সাউ আসানসোলের হীরাপুর থানার বার্নপুরের ধ্রুবডাঙার বাসিন্দা। দু'জনেই এক নামী বহুজাতিক সংস্থার ডেলিভারি বয়ের কাজ করেন। অন্যান্য দিনের মতো ডেলিভারির ব্যাগ নিয়ে বাইক নিয়ে বেরিয়েছিলেন দুই যুবক। বিভিন্ন গ্রাহকদের বাড়ি তালিকা ও সময়মতো জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য দু'জনেই যাচ্ছিলেন। জিটি রোড দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে গিয়ে তাঁদের ধাক্কা মারে।

যুবকদের দুর্ঘটনাগ্রস্ত বাইক। নিজস্ব চিত্র

দুই যুবকই ছিটকে পড়েন রাস্তায়। দ্রুত স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় আদিত্য সাউ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কুমারপুর এলাকায় জিটি রোডের উপর উত্তেজনা ছড়ায়। ঘাতক গাড়ি ও চালককে পাকড়াও করা হয়। রাস্তা অবরোধ করে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। দুর্ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন।

বিক্ষোভকারীদের সঙ্গে বিধায়ক কথা বলেন। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসের পরে ওই অবরোধ উঠে যায়। ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। ডিসিপি (ট্রাফিক) অবিনাশ ভীমরাও জানিয়েছেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চালক নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন স্থানীয়দের অভিযোগ। মৃত্যুর খবর পৌঁছতেই কান্নার রোল উঠেছে সুমনের বাড়িতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement