shono
Advertisement

Breaking News

সাফারি পার্কে ড্রোন উড়িয়ে শচীনের খোঁজে তল্লাশি

কুনকি হাতি, ট্র্যাপ ক্যামেরা, বিশেষজ্ঞ দলের মাধ্যমেও চলছে তল্লাশি।
Posted: 06:38 PM Jan 03, 2019Updated: 08:51 PM Jan 03, 2019

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি : সাফারি পার্কে খাঁচাবন্দি অবস্থাতেই নিজের হিংস্র বুনো স্বভাবের পরিচয় দিয়েছিল শচীন। সর্বদা ত্রস্ত থাকতেন বনকর্মীরা। এবার ১২ ফুটের এনক্লোজার থেকে উধাও হওয়া চিতাবাঘটির হদিশ পেতে শচীনের সেই বুনো স্বভাবেই দিশাহারা হচ্ছে সন্ধানকারী দল। অন্তর্ধানের পর দু’দিন পেরিয়ে গেলেও এখনও অধরা চিতাবাঘ। তাই বৃহস্পতিবার সকালে লেপার্ডটিকে খাঁচাবন্দি করতে সাফারি পার্কে ড্রোন নামাতে হল বন দপ্তরকে। সেইসঙ্গে চারটি কুনকি হাতি নামিয়েও খোঁজ মিলছে না শচীনের।
গত মঙ্গলবার সকালে বেঙ্গল সাফারি পার্কের লেপার্ড এনক্লোজার থেকে ফেন্সিং টপকে উধাও হয় শচীন। এরপর থেকে পার্কে বন্ধ করে দেওয়া হয় লেপার্ড সাফারি। আপাতত বাসে করে পর্যটকদের ভালুক, রয়্যাল বেঙ্গল টাইগার ও হার্ভিভোরাস সাফারি করানো হচ্ছে। অন্যদিকে, শচীনকে খুঁজতে জলদাপাড়া অভয়ারণ্যের হলং টুরিস্ট লজ থেকে দু’টি কুনকি হাতি সুন্দরমণি ও জেনিকে আনা হয়েছে।

Advertisement

                                                         [স্কুলে মিড-ডে মিলের রান্নাঘরে জোড়া গোখরো! দেখুন হাড়হিম করা ভিডিও]

বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মী, উর্মিলা, সুন্দরমণি ও জেনিকে দিয়ে সাফারি পার্কের জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে শচীনের খোঁজে দু’টি ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মহানন্দা ওয়াইল্ড লাইফ অভয়ারণ্য কর্তৃপক্ষের থেকে সাতটি ট্র‍্যাপ ক্যামেরা আনা হয়েছে। তবে সাতটির মধ্যে চারটি ক্যামেরা এদিন হার্ভিভোরাসের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। যদিও বুধবার রাতে ফের তৃণভোজী এনক্লোজারে শচীনকে দেখা গিয়েছে বলে দাবি করেছে সাফারি কর্তৃপক্ষ। পাশাপাশি দার্জিলিং ওয়াইল্ড লাইফ ও বৈকুণ্ঠপুর ডিভিশন থেকে আরও দু’টি টিম আনা হয়েছে তল্লাশির কাজে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার পর্যটকের সংখ্যা কম ছিল। এবিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, “পালানো চিতাটির তল্লাশি চলছে। ট্র‍্যাপ ক্যামেরাও বসানো হয়েছে। দু’টি ড্রোন তল্লাশি করছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement