shono
Advertisement
ED

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, চিটফান্ড থেকে ক্রিপ্টো! একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান

অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে ইডি। অভিযোগ, একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত এই সৌরভ।
Published By: Subhankar PatraPosted: 09:31 AM Jul 09, 2026Updated: 10:44 AM Jul 09, 2026

সাতসকালে অ্যাকশনে ইডি। রাজ্যজুড়ে একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দুর্গাপুরের অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে হানা। হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চলছে। নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ারবাজার সংক্রান্ত ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা। বৃহস্পতিবার ভোর থেকে তল্লাশি চলছে তাঁদের বাড়িতে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisement

দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকার বাসিন্দা দিলীপ মল্লিক। ওই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন তিনি। দিলীপ ইসিএলের প্রাক্তন কর্মী। সূত্রের খবর, ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে এই দিলীপ ও তাঁর পুত্র দিগন্ত মল্লিকের বিরুদ্ধে।

অভিযোগ কলকাতার ফেয়ারলি প্লেসে একটি দপ্তর খুলে ক্রিপ্টোতে বিনিয়োগের ফাঁদ পাতে পিতা-পুত্র। অভিযুক্ত দিগন্ত সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি তুলেছেন বলে অভিযোগ। দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে বলেও সূত্রের খবর। সেই টাকা বিদেশে পাচার হয় বলেও অভিযোগ। আগেও দিগন্ত গ্রেপ্তার হয়েছিল বলে জানা যাচ্ছে। পরে জামিন পান। সম্প্রতি দিগন্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেনের হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপরই বৃহস্পতিবার সকালে তাঁর অন্ডালের বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা।

অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে ইডি। অভিযোগ, একাধিক চিটফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত এই সৌরভ। তিনি শেয়ার মার্কেটের ব্যবসাও করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রানাঘাটের কালিনারায়ণপুরের ব্যবসায়ী সুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। এই সুভ্রকান্তি শেয়ারবাজার প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে জাল চিটফান্ড সংস্থা খোলেন বলে অভিযোগ। তাঁর সংস্থা 'স্টক গুরুকুল'-এর বিরুদ্ধে মানুষের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ী ও তাঁর পরিবার বাড়িতে থাকেন না বলে জানা গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement