shono
Advertisement
Mahua Moitra

জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া!

ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া।
Published By: Jaba SenPosted: 03:42 PM Jul 01, 2026Updated: 05:52 PM Jul 01, 2026

এবার ডিম হামলার শিকার হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভায় হেনস্তার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। বিজেপির লোকজন তাঁদের ঘেরাও করে রেখেছেন বলেও অভিযোগ করেন সাংসদ। তাঁর অভিযোগ, জানালা দিয়ে তাঁদের উপর একের পর এক ডিম-সহ বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছে। তাঁর গায়েও লেগেছে ডিম। সেই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া।

Advertisement

বুধবার নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভা ছিল। সেই কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হায় হায়, মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা। এরপর ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। ডিমের পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। এই সব অভিযোগ তুলে সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তাঁর অভিযোগ, তাঁদের বেরতে দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক। তাঁদের লক্ষ্য করে ডিম-সহ একাধিক জিনিস ছোঁড়া হচ্ছে। ভিডিওতে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন সাংসদ। 

মহুয়া ভিডিওতে বলেন, "এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement