তৃণমূল শাসনকালে একাধিক দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে দেদারে ছোড়া হল ডিম! শুধু তাই নয়, মাখিয়ে দেওয়া হল কাদা, গোবর! গলায় গামছা বেঁধে ঘোরানো হয় এলাকাতেও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti)। ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করেছে।
পালাবদলের পর রাজ্যর বিভিন্ন জায়গায় তৃণমূলের ছোট-বড় নেতাকে ডিম ছোড়া হচ্ছে! তৃণমূল আমলে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতারা স্থানীয় বাসিন্দাদের রোষানলে পড়ছেন! দুর্নীতির অভিযোগে অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে। সেই আবহে এবার বাসন্তীতে পঞ্চায়েত প্রধান স্থানীয়দের রোষানলে পড়লেন বলে অভিযোগ। সজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন না! পঞ্চায়েতের কাজকর্মও আটক্বে যাচ্ছিল প্রধানের অনুপস্থিতিতে।
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ প্রধানদের পঞ্চায়েত অফিসে যাওয়ার বার্তা দিয়েছিলেন। পঞ্চায়েত না গেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন মন্ত্রী। আজ, শুক্রবার তৃণমূলের স্থানীয় নেতা, পঞ্চায়েত প্রধান গৌড় সর্দার অফিসে গিয়েছিলেন। কিছু সময়ের মধ্যেই স্থানীয়দের একাংশ ভিড় করেন অফিস চত্বরে। প্রধানের পথ আটকে প্রথমে বিক্ষোভ দেখানো হয়। এরপরই চলে 'ডিমথেরাপি'। মুহুর্মুহু ডিম ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। ডিম ছুড়েই খান্ত থাকেনি বিক্ষোভকারীরা। প্রধানকে কাদা ও গোবরও মাখিয়ে দেওয়া হয়! শুধু তাই নয়, এরপর প্রধানের গলায় গামছা বেঁধে তাঁকে এলাকায় ঘোরানো হয়!
স্থানীয়দের অভিযোগ, গৌর সর্দার একসময় জ্যোতিষী ছিলেন। তৃণমূলের শাসনকালে অচীরেই তিনি কোটিপতি হয়ে ওঠেন। প্রভাবশালী হয়ে ওঠায় তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও ওঠে। কিন্তু শাসক দলে থাকায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হত না! রাজ্যে পালাবদলের পরেই তিনি রোষানলে পড়লেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে গৌড় সর্দারকে উদ্ধার করা হয়।
