shono
Advertisement
Murshidabad

অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! 'রাজনীতি তো এখানেই করবেন', হুঙ্কার মুর্শিদাবাদের 'রবিনহুডে'র

২০২১ সালে কংগ্রেসের মইনুল হককে হারিয়ে তৃণমূলের টিকিটে ফরাক্কায় জিতেছিলেন মনিরুল। কিন্তু ২০২৬-এ এসে ছবিটা উলটে যায়!
Published By: Kousik SinhaPosted: 06:24 PM Aug 26, 2026Updated: 06:51 PM Aug 26, 2026

বিধানসভা ভোটে পালাবদলের পর মুর্শিদাবাদে কংগ্রেসের ঘর গোছানোর লড়াই এখন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত। একদিকে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী রোজ যোগদান করিয়ে শক্তি দেখাচ্ছেন, অন্যদিকে দিল্লির পর্যবেক্ষক প্রকাশ জোশী সেই যোগদানে লাগাম টানছেন! গত রবিবার ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক তৃণমূল নেতাকে অধীর কংগ্রেসে যোগদান করান, ২৪ ঘণ্টার মধ্যেই যা স্থগিত করে দেয় হাইকমান্ড। এই টানাপোড়েনের মাঝেই এবার বুধবার দুপুরে কংগ্রেসে ফেরার ঘোষণা করলেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তবে শর্ত একটাই, তিনি ফিরবেন না অধীর চৌধুরীর হাত ধরে। মনিরুল জানিয়ে দিয়েছেন, তিনি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরছেন না। যোগ দেবেন কলকাতা বা দিল্লিতে, সরাসরি হাইকমান্ডের হাত ধরে।

Advertisement

অধীর অবশ্য ছেড়ে কথা বলেননি। তাঁর কটাক্ষ, "উনি বোম্বে, দিল্লি, নিউইয়র্ক যেখানে খুশি যেতে পারেন। কিন্তু রাজনীতি করতে হবে মুর্শিদাবাদে।"

২০২১ সালে কংগ্রেসের মইনুল হককে হারিয়ে তৃণমূলের টিকিটে ফরাক্কায় জিতেছিলেন মনিরুল। কিন্তু ২০২৬-এ এসে ছবিটা উলটে যায়! এবার তৃণমূল তাঁকে টিকিটই দেয়নি। তার বদলে সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামকে ফরাক্কায় প্রার্থী করে তৃণমূল, যিনি কংগ্রেসের মোতাব শেখের কাছে পরাজিত হন। আর এই টিকিট না পাওয়ার পিছনেই লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর টানাপোড়েন। বাংলায় চলা এসআইআরের কারণে কংগ্রেস প্রার্থী মোতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। সুপ্রিম কোর্টে গিয়ে শেষ মুহূর্তে নাম তোলে মোতাব শিবির। সেই অনিশ্চয়তার সুযোগে তৃণমূলের টিকিট না পেয়ে মনিরুল কংগ্রেসের টিকিটের জন্য একাধিকবার ছুটে গিয়েছিলেন অধীর চৌধুরীর কাছে। কিন্তু শেষ মুহূর্তে মোতাবের নাম তালিকায় ফিরতেই টিকিট হাতছাড়া হয় মনিরুলের। এমনকী মনোনয়নের শেষ দিনে বহরমপুরে অধীরের সঙ্গে দেখা করতে গিয়েও দেখা মেলেনি বলে অভিযোগ তাঁর।

আর সেই ক্ষোভ থেকেই অধীর চৌধুরীকে এড়িয়েই কংগ্রেসে ফিরতে চান তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক। কংগ্রেসে যোগদান প্রসঙ্গে মনিরুল ইসলাম জানিয়েছেন, ''দিল্লি এবং রাজ্যস্তরে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আগামী দু থেকে তিনদিনের মধ্যেই কলকাতা বা দিল্লিতে বড় নেতার হাত ধরে পতাকা নেব। জেলা স্তরের কোনও নেতার হাত থেকে নেব না।"

রাজনৈতিক মহলের মতে, ফরাক্কার বর্তমান কংগ্রেস বিধায়ক মোতাব অধীর ঘনিষ্ঠ। তাই অধীরের হাত ধরে ফিরলে মোতাবের ছায়াতেই থাকতে হবে মনিরুলকে। সেই আশঙ্কা থেকেই হাইকমান্ডের হাত ধরতে চাইছেন তিনি। অন্য একটি অংশের মতে, এটি নিছক যোগদান নয়, এটি অধীর-বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন। বিশেষ করে ইনজামামুলের যোগদান স্থগিত হওয়ার পর অধীর শিবিরকে টেক্কা দিতে মনিরুলকে সামনে আনছে কংগ্রেসের একাংশ। অধীর অবশ্য ছেড়ে কথা বলেননি। তাঁর কটাক্ষ, "উনি বোম্বে, দিল্লি, নিউইয়র্ক যেখানে খুশি যেতে পারেন। কিন্তু রাজনীতি করতে হবে মুর্শিদাবাদে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement