সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ি থেকে অভিনেত্রীর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। জানা গিয়েছে, শেষ কয়েকদিন তার দেখা পাননি প্রতিবেশীরা। পরে ঘর থেকে দুর্গন্ধ মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করে।
[ অর্জুন সিংয়ের কার্যালয়ে হামলা, পালটা তাণ্ডবের অভিযোগ ভাই সঞ্জয়ের]
স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধার নাম বলা দাস ( ৬২ )। পেশায় যাত্রীশিল্পী ছিলেন তিনি। এক মেয়েকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ওই বাড়িতে থাকতেন বৃদ্ধা। কয়েকমাস আগেই যাদবপুরে বিয়ে হয় ওই বৃদ্ধার মেয়ের। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না ওই বৃদ্ধার। বরাবর সবার সঙ্গে মেলামেশা করলেও কয়েকদিন ধরে বেপাত্তা ছিলেন ওই মহিলা। জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই বৃদ্ধার বাড়ি আশেপাশের এলাকার মানুষেরা দুর্গন্ধ পাচ্ছিলেন। তবে তাতে আমল দেননি তাঁরা। পরে শনিবার সকালে বলাদেবীর বাড়িতে জল দিতে যান এক যুবক। অভিযোগ , সেইসময় দীর্ঘক্ষণ তাঁকে ডাকাডাকি করলেও সাড়া দেননি ওই বৃদ্ধা। দীর্ঘক্ষণ পরেও সাড়া না মেলায় বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকলে ঘরের মেঝেয় বৃদ্ধার দেহ পরে থাকতে দেখেন তাঁরা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট, গ্রেপ্তার ২ ]
পুলিশ সূত্রে খবর, অন্তত পাঁচদিন আগে মৃত্যু হয়েছে ওই অভিনেত্রীর। শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু হয়েছে তাঁর, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকেরা।
The post অভিনেত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ appeared first on Sangbad Pratidin.
