নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ফের জনসমক্ষে আসার ঘোষণা বিমলের। হোয়াটসঅ্যাপে জারি করা এক অডিও বার্তা মারফত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিমল গুরুং। তাঁর বক্তব্য, ‘বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে শেষ শুনানি। দুই তিনদিনের মধ্যেই আদালতের রায় জানা যাবে। রায় আমাদের পক্ষেই হবে।’ এরপরই তিনি প্রকাশ্যে আসবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে ঝুঁকি নিতে হলে তাও নেবেন গুরুং। জেলে যেতে হলে যাবেন। কিন্তু পাহাড়ে জাতিসত্তার আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না।
[ক্লাসরুমে মদের বোতল-চাট, ৩ দিন মালদহের স্কুলে দেদার মোচ্ছব পুলিশের]
পাহাড়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে ইউএপিএ-সহ একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আড়ালে রয়েছেন গুরুং। কখনও সিকিম তো কখনও নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন এক সময়ের মোর্চা সুপ্রিমো। পাশাপাশি, বিভিন্ন মামলা থেকে স্বস্তি পেতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই অবশ্য পাহাড়ে নেতৃত্বের বদল ঘটে গিয়েছে। শান্তির পথে হেঁটে রাজ্য সরকারের সহযোগিতায় বিনয় তামাংয়ের নেতৃত্বে উন্নয়নের কাজ শুরু হয়েছে পাহাড় জুড়ে। আর এতেই দ্রুত রাজনৈতিক জমি হারিয়েছেন পাহাড়ের একসময়ের ‘বেতাজ বাদশা’। ফলে নিজের একদা খাসতালুকে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন গুরুং।
তার জন্য আদালতের রায়ে ভরসা রাখছেন তিনি। এদিনের অডিও বার্তায় গুরুং সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রাজ্যের বক্তব্য রাখা শেষ হয়ে গিয়েছে। আজ তাঁর আইনজীবী বলবেন। শীঘ্রই আদালত রায় ঘোষণা করবে। রায় তাঁর পক্ষেই যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। অডিও বার্তায় গুরুং স্মরণ করিয়ে দিয়েছেন, পাহাড়ের আন্দোলন তাঁর ব্যক্তিগত স্বার্থে নয়। জাতিসত্তার জন্যই এই লড়াই। এর জন্য প্রয়োজনে গ্রেপ্তার হতেও নাকি তাঁর আপত্তি নেই।
[বাবা-কাকিমার পরকীয়া দেখে ফেলার ‘অপরাধ’, কাকার হাতে শ্লীলতাহানির শিকার কিশোরী]
The post অডিও বার্তায় ফের প্রকাশ্যে আসার ঘোষণা বিমল গুরুংয়ের appeared first on Sangbad Pratidin.
