স্টাফ রিপোর্টার, ঘাটাল: দোলের দিনে প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হল প্রেমিক যুগল৷ ঘটনাটি ঘাটালের খড়ার শহরে৷ বৃহস্পতিবার যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে ঘাটাল থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, প্রেমিক কার্তিক কোটালের (২৪) বাড়ি খড়ার শহরের দুই নম্বর ওয়ার্ডে৷ আর প্রেমিকা উমা গঙ্গোপাধ্যায়ের (১৬) বাড়ি খড়ার শহরের চার নম্বর ওয়ার্ডে৷ খড়ার শহরের একেবারে শেষ প্রান্তে একটি পুকুর পাড়ের গাছে প্রেমিক যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রেমে ব্যর্থ হয়েই আত্মঘাতী হয়েছে প্রেমিক যুগল৷
[মৃত্যুর মুখোমুখি ১৫ হাজার জীবনদায়ী ওষুধ!]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক কোটাল পেশায় রাজমিস্ত্রি৷ মাত্র ছ’মাসে আগে তাঁর বিয়ে হয়েছে৷ অনেক আগে থেকেই উমার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল৷ কিন্তু তাঁরা নিজেদের প্রেমের কথা কাউকে বলতে পারেননি৷ উমা এবার মাধ্যমিক পরীক্ষার্থী৷ খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের ছাত্রী উমার বাবা স্বপন গঙ্গোপাধ্যায় পেশায় কৃষিমজুর৷ দু’জনের ভালোবাসার সম্পর্ক দুই পরিবারেরই অজানা ছিল বলে পুলিশকে জানিয়েছে৷ কিন্তু নিজের প্রেমকে লুকিয়ে বিয়ে করায় ভীষণ ভেঙে পড়েছিলেন কার্তিক৷ ভেঙে পড়েছিল উমাও৷ গত শিব চতুর্দশীর দিন ছেলের গোপন প্রেম জানতে পেরেছিলেন বাবলু কোটাল৷ তারপরই সংসারে অশান্তির ছায়া পড়তে শুরু করে বলে জানিয়েছেন বাবলুবাবু৷ পুলিশ জানিয়েছে, বুধবার চাঁচর উৎসবের বিকেলে আবির কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল উমা৷ আর বাড়ি ফেরেনি৷
পেশায় রাজমিস্ত্রি কার্তিকও রাতে বাড়ি ফেরেননি৷ শহর ছাড়িয়ে একেবারে শেষ প্রান্তে নির্জন গাজন পুকুর পাড়ে তাঁরা বিয়ে করেন৷ উমার মাথায় সিঁদুর (যদিও পুলিশের অনুমান লাল আবির) পরিয়ে দেন কার্তিক৷ উমার পরনে ছিল চুড়িদার৷ কার্তিকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি শার্ট৷ কোমরে বেল্ট৷ তারপর তাঁরা একটি গাছের ডালে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন বলে জানিয়েছে পুলিশ৷ বাবলুবাবু বলেন, “ওদের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল আমরা জানতাম না৷ কোনওদিন জানায় নি৷ তাহলে ওদের বিয়ে দিয়েই দিতাম৷” একই কথা জানিয়েছেন উমার বাবা স্বপনবাবুও৷ ভীষণই মুষড়ে পড়েছে দুই পরিবার৷
[দোলেও থিমের বাহার, ঝাড়গ্রামে নজরকাড়া মণ্ডপ]
The post প্রেমে ব্যর্থ, ঘাটালে একই গাছের ডালে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ appeared first on Sangbad Pratidin.
