shono
Advertisement
USA vs Belgium

ট্রাম্পের শত চেষ্টাতেও ব্যর্থ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার

দেশের মহাশক্তিধর প্রেসিডেন্ট নিজে ফিফার দপ্তরে ফোন করে ফুটবলারের লাল কার্ড বাতিল করিয়েছিলেন। শাস্তি তুলে নিতেও কার্যত বাধ্য করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা সত্ত্বেও লাভ হল না।
Published By: Anwesha AdhikaryPosted: 08:45 AM Jul 07, 2026Updated: 08:45 AM Jul 07, 2026

দেশের মহাশক্তিধর প্রেসিডেন্ট নিজে ফিফার দপ্তরে ফোন করে ফুটবলারের লাল কার্ড বাতিল করিয়েছিলেন। শাস্তি তুলে নিতেও কার্যত বাধ্য করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এত চেষ্টা সত্ত্বেও লাভ হল না। বিশ্বকাপ থেকে ছিটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে বেলজিয়ামের বিরুদ্ধে একেবারে ছিন্নভিন্ন হয়ে গেল বিশ্বকাপের আয়োজক দেশ।

Advertisement

বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। এক বছরের জন্য সেই সাজা পিছিয়ে দেয় ফুটবলের নিয়ামক সংস্থা। জানা যায়, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প স্বয়ং। তারপরেই লাল কার্ড প্রত্যাহার এবং সোশাল মিডিয়ায় ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ জ্ঞাপন।

যদিও মাঠের বাইরের এতসব ঘটনায় মোটেই পাত্তা দেয়নি বেলজিয়াম। নিজেদের পারফরম্যান্স শুধরোনোর দিকে মন দেন রোমেরো লুকাকুরা। শেষ ৩২-এর ম্যাচটা কার্যত হেরেই গিয়েছিল বেলজিয়াম। সেনেগালের বিরুদ্ধেই তাঁদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারত। শেষ কয়েক মিনিটের জাদুতে প্রি-কোয়ার্টারের টিকিট এসেছে। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি হান্স ভানাকেনরা। ম্যাচে অবশ্য মার্কিন ব্রিগেড বেশ লড়াই করেছে। বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করেছে। কিন্তু দিনের শেষে নিট ফল শূন্য।

মাত্র ৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি আসে বেলজিয়াম তারকা চার্লস ডি'কেটালেয়ারের শট থেকে। তবে ৩১ মিনিটের মাথায় সমতা ফেরায় আমেরিকা। সেখান থেকেই বেলজিয়াম বিধ্বংসী হয়ে ওঠে। ৩৩ মিনিটে চার্লসের দ্বিতীয় গোল। বিরতির পর ৫৭ মিনিটে ভানাকেনের গোলে জয়ের ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। আমেরিকার কফিনে শেষ পেরেকটি পোতেন লুকাকু, ৯৩ মিনিটে গোল করে। চোখের সামনে নিজের দেশের এমন হার দেখে সিয়াটল স্টেডিয়ামের ভক্তরা তখন স্তম্ভিত। ঘরের মাঠে খেতাব জয়ের স্বপ্ন শেষ। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement