বাবুল হক, মালদহ: গ্রিল কারখানার আড়ালেই অস্ত্র কারবার৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশি অভিযানেই মিলল হদিশ৷ গ্রাম পঞ্চায়েত অফিসের বিপরীতে অস্ত্র কারখানার খোঁজ মেলায় তাজ্জব মালদহের কালিয়াচকের বাসিন্দারা৷ ২৪টি বন্দুক উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
[রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু]
মালদহের শেরশাহী এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসের বিপরীতে বছরের পর বছর ধরে গ্রিল কারখানা ছিল৷ লোকজনের আনাগোনাও ছিল যথেষ্ট৷ কিন্তু শনিবার সকালে আচমকাই ওই কারখানায় হানা দেয় মোথাবাড়ি ও কালিয়াচক থানার পুলিশ৷ আধিকারিকরা তল্লাশি চালাতে শুরু করেন গ্রিল কারখানায়৷ পুলিশি অভিযানে সামনে আসে আসল সত্যি৷ দেখা যায় গ্রিল কারখানার আড়ালে ওই এলাকায় রমরমিয়ে চলছে অস্ত্র কারখানা৷ ওই কারখানা থেকে ২৪টি পাইপগান উদ্ধার করে পুলিশ৷ বেশ কিছু অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়৷ এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করেন আধিকারিকরা৷ ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে৷ ধৃতেরা হল মহম্মদ তামরেজ ও সাহাবুদ্দিন আলিয়াস সাহেব৷ পুলিশ সূত্রে খবর, তামরেজ ও সাহাবুদ্দিন দুজনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা৷ যারা মুঙ্গের থেকে এ রাজ্যে এসে অস্ত্রের ব্যবসা করে তাদের ‘মুঙ্গেরি উস্তাদ’ বলা হয়৷
[সম্পর্কের শীতলতা নাকি সন্দেহে খুন, প্রেমিকাকে গুলি কাণ্ডে ঘনাচ্ছে রহস্য]
পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ধৃতদের শনিবারই মালদহ জেলা আদালতে তোলা হবে৷ নিজেদের হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে দুজনকে৷ এই কারখানার মালিক আদতে কে, তা এখনও জানা যায়নি৷ কতদিনই বা দুজনে এই ব্যবসার সঙ্গে জড়িত তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়৷ অস্ত্রগুলি তামরেজ সাহাবুদ্দিন কোথায় পাচার করত, তা এখনও জানা যায়নি৷ ধৃত দুজনকে জেরা করে এই প্রশ্নগুলির উত্তরের খোঁজ করার চেষ্টা করছে পুলিশ৷ এদের সঙ্গে বড়সড় কোনও চক্রের যোগসাজশ রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷
The post গ্রিল কারখানার আড়ালে অস্ত্র কারবার! মালদহে জালে ‘মুঙ্গেরি উস্তাদ’ appeared first on Sangbad Pratidin.
