shono
Advertisement
Lotus demand

কমলে বসতে লক্ষ্মী!বাড়তি পদ্মের চাহিদা হাসি ফোটাল বাগনানের ফুলচাষিদের মুখে

জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলেছে প্রচুর পদ্মের বরাত। বাগনান থেকে কমপক্ষে পাঁচ কুইন্টালের বেশি পদ্মের বরাত পেয়েছেন চাষিরা।
Published By: Arpita MondalPosted: 05:50 PM May 09, 2026Updated: 05:50 PM May 09, 2026

ছাব্বিশের নির্বাচনে জোড়াফুলের বাগান ধুয়ে মুছে সাফ। জনগণের সমর্থনে বাংলায় পদ্মচাষ করেছে বিজেপি। শনিবার ঐতিহাসিক ব্রিগেডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন শুভেন্দু অধিকারী। কার্যত গোটা দেশের পাওয়ার সেন্টার আজ উঠেছে কলকাতায়। শহর থেকে জেলাজুড়ে যেন আজ উৎসবের আমেজ। আর এই অকাল উৎসব হাওয়া তুলল বাগনানের ফুলচাষিদের ব্যবসার পালে। জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলেছে প্রচুর পদ্মের বরাত। বাগনান থেকে কমপক্ষে পাঁচ কুইন্টালের বেশি পদ্মের বরাত পেয়েছেন চাষিরা।

Advertisement

ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম। স্বাভাবিকভাবেই পদ্মের সঙ্গে আবেগ জড়িয়ে গিয়েছে বঙ্গবাসীর। তাই চাহিদাও এখন তুঙ্গে। আর তাতেই হাসি ফুটেছে হাওড়ার বাগনানের পদ্মচাষিদের মুখে। হাওড়ার এক ফুল চাষির কথায়, 'ভোটের সময় রজনীগন্ধা সহ নানা ফুলের চাহিদা বেড়েছে। নেতাদের মালা সহ নানা অনুষ্ঠানেই ফুলের অর্ডার আসত।' শনিবারের শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে রাজকীয় আয়োজন হয় ব্রিগেড গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রাবি সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়া বিভিন্ন জেলাতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষেও ফুলের চাহিদা বেড়েছে।

এদিকে বাগনানের ঘোড়াঘাটা, ওরফুলি, বাঁকুড়দহ, হেলেদীপ সহ বাগনান এক নম্বর দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় প্রচুর ফুল, পদ্মফুলও চাষ হয়। বাগনানের ফুল চাষিরা জানান, 'আজ প্রচুর ফুল তাদের বিক্রি হয়েছে। এর মধ্যে সবার আগে রয়েছে পদ্ম। এছাড়া গিয়েছে গাঁদা ফুল ও অন্যান্য ফুল।' বাঁকুড়দহ এলাকার এক ফুলচাষি পুলক ধাড়া বলেন, "মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ উপলক্ষে ফুলের চাহিদা ব্যাপক ছিল। গাঁদা, পদ্ম সহ বেশ কয়েক ধরনের ফুলের চাহিদা বেশ ভালই ছিল। দাম পাওয়া গিয়েছে আশানুরূপ। এখান থেকে গাঁদা গিয়েছে কমপক্ষে পাঁচ কুইন্টাল।" সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, "যেখানে কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে এই সময় এক একটি পদ্ম বিক্রি হত ১ থেকে ২ টাকায়। সেখানে শুক্রবার বাজারে সেই পদ্ম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। কলকাতার শহরতলিতে ওই পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা প্রতি পিস।" নতুন মন্ত্রিসভা গঠনের পরিপ্রেক্ষিতে জোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে গিয়েছে ফুলের দাম। স্বভাবতই খুশি ফুলচাষি ও ব্যবসায়ীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement