shono
Advertisement

বারাসতে সাংবাদিক নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তারির দাবি, জেলাশাসকের দপ্তরে ধরনায় আক্রান্তরা

গ্রেপ্তারিতে কেন উদাসীন পুলিশ, প্রশ্ন আন্দোলনকারী সাংবাদিকদের৷ The post বারাসতে সাংবাদিক নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তারির দাবি, জেলাশাসকের দপ্তরে ধরনায় আক্রান্তরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Jul 01, 2019Updated: 04:14 PM Jul 01, 2019

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: বারাসতে নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলনে শামিল সাংবাদিকরা৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেছেন তাঁরা৷ যতক্ষণ না পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের ধরপাকড় শুরু হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সাংবাদিকদের৷

Advertisement

[ আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]

রবিবার দুই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত৷ অভিযোগ, বিজেপির একটি মিছিল থেকে হামলা চালানো হয়৷ তারই প্রতিবাদে বারাসত থানার সামনে জমায়েত হন তৃণমূল নেতাকর্মীরা। সে সময় কয়েকটি বাইকে চেপে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী৷ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল নেতাকর্মীরা। পালটা পথচলতি মানুষদের ধরে ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলার চেষ্টা করেন তাঁরা। না বলতেই শুরু হয় মারধর। সেই খবর সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা৷ বারাসতের পুরপ্রধান, উপপুরপ্রধান-সহ কাউন্সিলরদের উপস্থিতিতে চারটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। মারধরের সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে৷

[ আরও পড়ুন: বনগাঁয় গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল]

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে সাংবাদিক নিগ্রহ কাণ্ডে কেন নিষ্ক্রিয় হয়ে রয়েছে পুলিশ, সেই প্রশ্ন তুলেই সোমবার দুপুরে জেলাশাসকের দ্বারস্থ হন সাংবাদিকরা৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর দাবি জানিয়েছেন তাঁরা৷ সাংবাদিকদের বক্তব্য, হামলার ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাই সেক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করা যথেষ্টই সহজ৷ তা সত্ত্বেও গ্রেপ্তারির ক্ষেত্রে কেন এত উদাসীনতা পুলিশের? তবে কি তৃণমূল কর্মী বলেই বিষয়টিকে লঘু হিসাবে দেখা হচ্ছে? সুবিচার না পেয়ে বাধ্য হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেছেন সাংবাদিকরা৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত হানল, তাদের গ্রেপ্তার করা না হলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা সাংবাদিকরা৷ 

The post বারাসতে সাংবাদিক নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তারির দাবি, জেলাশাসকের দপ্তরে ধরনায় আক্রান্তরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement