স্টাফ রিপোর্টার: কয়েক বছর আগে হাওড়ার রুট রিলে ইন্টারলকিং বা আরআরআই পদ্ধতি ঢেলে সাজানো হয়। যার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়ছিল। যাত্রীরা এই কষ্টের দীর্ঘমেয়াদি সুফল পাচ্ছেন। ফের এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে। আরআরআই এর কাজ চলবে খড়গপুরে। তার জেরে আগামী রবিবার বারো ঘণ্টা হাওড়া থেকে ছাড়বে না দক্ষিণ-পূর্ব রেলের কোনও ট্রেন।
[প্রচারে ক্লান্ত, কর্মীদের দিয়ে ম্যাসাজ করালেন যোগী সরকারের মন্ত্রী]
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে ট্রেন চলাচল। ওই দিন ৪৩টি মেল এক্সপ্রেস বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। এছাড়া ১৩ প্যাসেঞ্জার, ১৩ মেমু ও ৪০টি ইএমইউ ট্রেন চলবে না। রাত ৮টার পর ট্রেন চললেও স্বাভাবিক হবে কখন তা স্পষ্ট করতে পারেনি দক্ষিণ-পূর্ব রেল। ওই রেলের চিফ অপারেশন ম্যানেজার সুচিত্ত দাস বলেন, চেন সিস্টেমে ট্রেন চলে। একটা বিঘ্নিত হলে তার প্রভাব থেকে যায়। খড়গপুরে সলিস্টেট ইন্টারলকিং সিস্টেম বসানোর কাজ চলছে গত ৪ নভেম্বর থেকে। সিস্টেম বদলানোয় ট্রেন চলাচলে তার প্রভাব পড়ছে। কিন্তু শেষ তিন দিন এই বিঘ্ন বাড়বে বলে জানান তিনি। শুক্রবার ২৩টি মেল, এক্সপ্রেস বাতিল হবে। শনিবার সেই তালিকায় রয়েছে ২২টি মেল এক্সপ্রেস। বিঘ্ন হবে মালগাড়ি চলাচলেও।
[বিধানসভার অধিবেশনে গরহাজির, অভিনেত্রীদের সঙ্গে নাচে ব্যস্ত বিধায়ক]
কানপুরে এধরনের ইন্টারলকিং সিস্টেম থাকলেও তার ব্যাপ্তি কম। দক্ষিণ-পূর্ব রেলের নতুন এই ইন্টারলকিং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। ৪০ কোটি ব্যয়ে ৮০০ সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে এই সিস্টেমে। ১৯৮০ সালে ৪২৩টি সিগন্যালিং পরিচালিত ইন্টারলকিংটির মেয়াদ চলতি শতকের প্রথমেই শেষ হয়ে এসেছিল। এই সলিস্টেট ইন্টারলকিং সম্পূর্ণ কম্পিউটার পরিচালিত প্রযুক্তিতে চলবে। একটি রুট ইন্টারলক হলে আর কোনওভাবে অন্য রুটের সঙ্গে তা যুক্ত হবে না বা করা যাবে না। ফলে সুরক্ষার পাশাপাশি, কম কর্মী দ্বারা পরিচালন করা যাবে। কেবিনের দরকার পড়বে না। খড়গপুর-জকপুর ও খড়গপুর-গোকুলপুর এই তৃতীয় লাইনে এতদিন সিগন্যাল সংযুক্তি না থাকায় তা ব্যবহার করা যাচ্ছিল না। এবার তৃতীয় লাইনের সংযুক্ত স্থানে ট্রেন চলাচলের উপযোগী হবে। ওই তৃতীয় লাইনের সংযুক্তিতে খড়গপুরে ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলে ঢালাও ট্রেন বাতিলে চরম অসুবিধায় পড়েছেন লক্ষ-লক্ষ যাত্রী। দক্ষিণ-ভারত, মুম্বই, রাঁচির দিকের সব ট্রেনই এই বিঘ্নের তালিকায়। রেলের বক্তব্য, দীর্ঘ দিন ধরে ভাবনা-চিন্তা করে এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে।
The post খড়গপুরে ইন্টারলকিংয়ের কাজ, রবিবার ১২ ঘণ্টা বন্ধ দক্ষিণ-পূর্বের ট্রেন appeared first on Sangbad Pratidin.
