দেবব্রত মণ্ডল: শিল্পের টানে নিজেদের উৎসবে আরও ভিড় টানতে দক্ষিণ শহরতলির বারুইপুরে ইদের প্রদর্শনী-সৌধ তৈরিতে ডাক পড়ল কলকাতার নামী পুজোর এশিয়ান পেন্টেস সম্মান জয়ী প্রখ্যাত থিম শিল্পীর। শুধু ডাক নয়, জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের অনুকরণে স্থাপত্যকে ফুটিয়ে তুলতে যে বিগ-বাজেট খরচ হচ্ছে তাও কলকাতার নামী পুজোকেও হার মানিয়েছে। মুসলিম সম্প্রদায়ের তৃতীয় পবিত্রতম এই মসজিদের অনুকরণে তৈরি মহামূল্যবান সৌধের অনুকরণে তৈরি প্রদর্শনী এবার ইদের অন্যতম আকর্ষণ।
[ভুল ইঞ্জেকশনের ফলে কিশোরের মৃত্যুর অভিযোগ, উত্তেজনা বর্ধমান মেডিক্যালে]
ইসলামে শবে-মেরাজের ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত জেরুজালেমের এই আল-আকসা। মুসলিম সম্প্রদায়ের প্রথম কেবলা হত এই পবিত্র মসজিদকে ঘিরে। কথিত আছে আল-আকসা থেকেই মহানবী হজরত মহম্মদ (সাঃ) মিরাজে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে শবে-মেরাজ এবং আল-আকসার গুরুত্ব অপরিসীম। কয়েক’শো বছরের প্রাচীন এই মসজিদটি আপাতত ইজরায়েলে। রাষ্ট্রসংঘ যদিও মসজিদকে প্যালেস্তাইনের বলে ঘোষণা করেছে। একাধিকবার ক্রুসেডও হয়েছে আল-আকসা নিয়ে। সোনার চাঁদোয়া, রুপোর পাতে, হীরে-জহরত মিশিয়ে পবিত্র কোরান শরিফের নানা অংশ যেভাবে রয়েছে আল-আকসায়, ঠিক তেমনই মসজিদ অমৃতলাল কলেজ মাঠে উজ্জ্বল হয়ে রয়েছে।
[ছ’বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ]
এমন ঐতিহাসিক স্থাপত্য ফুটিয়ে তুলতে কবি নজরুল সরণির ইদ কমিটি কলকাতার প্রখ্যাত থিমশিল্পী সুশান্ত পালকে নিয়ে গিয়েছে বারুইপুরে। বাস্তবায়ন করেছেন আরেক শিল্পী সোমনাথ মুখেপাধ্যায়। সব মিলিয়ে খরচ ২০ লক্ষ টাকা। তবে ইসলামের এমন ঐতিহাসিক সৌধকে ইদে থিম করে উপস্থাপনের মূল কৃতিত্ব আয়োজক ইদ কমিটির সম্পাদক সাদিক ইসলামের। উদ্দেশ্য নিয়ে সাদিক জানান, “আল-আকসার মতো পবিত্র তীর্থক্ষেত্রে অনেক চেষ্টা করেও অধিকাংশ ধর্মপ্রাণ মুসলিম পৌছাতে পারছেন না। প্রচুর টাকা খরচ ছাড়াও ইজরায়েলের অনুমতি মিলছে না। তাই ঘরের পাশে নামী শিল্পীকে দিয়ে ইদের থিম করে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হল।” ধর্মীয় মাহাত্ম্য ও মহানবির নানা কর্মকাণ্ড বোঝানোর জন্য ২০ জন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মাওলানা রেখেছে ইদ কমিটি। থিমের উদ্বোধন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, নূরে আলম চৌধুরি, আবদুল গনি প্রমুখ।
ছবি: বিশ্বজিৎ নস্কর
[খারাপ ফলের জন্য ঠাঁই মিলল না স্কুলে, আত্মঘাতী পড়ুয়া]
The post থিমের রমরমা ইদেও, বারুইপুরে তৈরি জেরুজালেমের আল-আকসা মসজিদ appeared first on Sangbad Pratidin.
