shono
Advertisement
Supreme Court

জেলায় বসেই সুপ্রিম কোর্টে মামলা! বিশেষ লোক আদালত থেকেই সুবিধা পাবেন বিচারপ্রার্থীরা

নিজের জেলায় বসেই দেশের সর্বোচ্চ আদালতের আইনি প্রক্রিয়ায় শামিল হওয়ার এবং দ্রুত নিষ্পত্তির সুযোগ পেতে চলেছেন মামলাকারীরা।
Published By: Arpita MondalPosted: 10:38 AM May 13, 2026Updated: 10:45 AM May 13, 2026

এবার আর সুপ্রিম কোর্টের বিচারের আশায় দিল্লিতে চক্কর কাটতে হবে না। ঘরের কাছেই, এমনকী, নিজের জেলায় বসেই দেশের সর্বোচ্চ আদালতের আইনি প্রক্রিয়ায় শামিল হওয়ার এবং দ্রুত নিষ্পত্তির সুযোগ পেতে চলেছেন মামলাকারীরা। 'অংশগ্রহণমূলক ন্যায়বিচার' এবং 'দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার' লক্ষ্যকে সামনে রেখে ভারতের সুপ্রিম কোর্ট এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম দেওয়া হয়েছে 'সমাধান সমারোহ।'

Advertisement

মূলত, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলির বন্ধুত্বপূর্ণ এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পুরো নাম 'সুপ্রিম কোর্ট অ্যাকশন ফর মিডিয়েটেড অ্যাডজুডিকেশন অ্যান্ড ডিসপিউটস হারমোনাইজেশন অ্যাক্রস নেশন' বা সংক্ষেপে সমাধান। ২০২৬ সালের ২১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে তা শুরু হয়েছে। আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট একটি ত্রি-দিবসীয় বিশেষ লোক আদালত আয়োজনের মাধ্যমে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা এবং সাধারণ মানুষের জন্য আইনি জটিলতা সহজ করা এই বিশেষ লোক আদালতের প্রধান লক্ষ্য। সম্মতির ভিত্তিতে অর্থাৎ বাদী ও বিবাদী-উভয় পক্ষের আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি ঘটানো হবে। এতে যেমন সময় বাঁচবে তেমনই সুপ্রিম কোর্টে ঝুলে থাকা কয়েক হাজার মামলার চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এই বিশেষ লোক আদালতে অংশগ্রহণের জন্য আইনজীবী, মামলাকারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিবাদ মেটানোর জন্য পক্ষগুলি সরাসরি নির্ধারিত স্থানে উপস্থিত হতে পারেন অথবা আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। পশ্চিম মেদিনীপুর জেলার এমন ৮টি মামলা চিহ্নিত করা হয়েছে যা এই বিশেষ লোক আদালতে উত্থাপিত হবে।

সাধারণ মানুষের মনে অনেক সময়ই ধারণা থাকে যে, সুপ্রিম কোর্ট মানেই এক দীর্ঘ এবং ব্যয়বহুল যাত্রা। কিন্তু 'সমাধান সমারোহ' সেই ধারণা ভেঙে দিয়ে বিচার ব্যবস্থাকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই সক্রিয়তা মেদিনীপুরের মামলাকারীদের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে। আগামী আগস্ট মাসে এই বিশেষ লোক আদালতের মাধ্যমে জেলাবাসী ঘরে বসেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের পরিষেবা পাবেন, যা ভারতের বিচারবিভাগীয় ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার