সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে সালিশি সভায় আক্রান্ত গৃহবধূ ও শাশুড়ি। দু’জনকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত হওয়ায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকার টিপাজানি গ্রামে।
[হলদিয়ায় পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪৬০টি কন্টেনার]
আক্রান্ত গৃহবধূর নাম সরিফা বিবি ও তাঁর শাশুড়ি ফুলসারি বিবি। বছর দু’য়েক আগে টিপাজানি গ্রামের সরিফুল শেখের সঙ্গে সরিফা বিবির বিয়ে হয়। বছর খানেক ধরে গ্রামেরই তৈবা বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সরিফুল শেখ। এই ঘটনা জানাজানি হতে সময় নেয়নি। খবর পৌঁছায় সরিফা বিবির কাছেও। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহও শুরু হয়। প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি চলত। গ্রামের লোকজন এই সম্পর্কের আপত্তি তুলেছিলেন। বিষয়টি মিটমাট করার জন্য গ্রামের মাতব্বররা সালিশি সভা ডাকে। সেখানে শাশুড়ি-বউমা এই বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, তৈবা বিবি ও তার বাড়ির লোকজনই এই দু’জনের উপরে চড়াও হয়। উপর্যুপরি মারধরে গুরুতর আহত হন শাশুড়ি-বউমা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক আক্রান্ত গৃহবধূর স্বামী সরিফুল শেখ। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
অন্যদিকে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। অভিযোগ করে নৃশংসভাবে খুন হলেন গৃহবধূ। মৃতের নাম মিনু বিবি (৩৮)। বুধবার সকালে তাঁর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে। অভিযোগ, অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খোলায় স্ত্রীকে প্রথমে মারধর করে স্বামী শেখ গেদু। তারপর স্ত্রীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার চালায়। এর জেরে ওই গৃহবধূর মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় দেহ। এই ঘটনার পরই অভিযুক্ত গেদুকে মারধর করেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গেদুকে গ্রেপ্তার করে।
[বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৯ মৎস্যজীবী, চলছে তল্লাশি]
মৃতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ১৮ বছর আগে মিনু বিবির সঙ্গে গেদুর বিয়ে হয়। গ্রামের এক মহিলার সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। এনিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। পেশায় গাড়ি চালক গেদু মারধরও করত স্ত্রীকে। এদিন বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা বসে। রাতে বাড়ি ফিরে গেদু স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
The post স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে সালিশি সভায় আক্রান্ত শাশুড়ি-বউমা appeared first on Sangbad Pratidin.
