পাড়াতুতো নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ মামার! নির্যাতনের জেরে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হতেই সামনে আসে বিষয়টি। ঘটনা জানাজানি হতেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) রাঁচি কলোনিতে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
নির্যাতিতা নাবালিকা দুর্গাপুরের বাসিন্দা। সম্প্রতি তার পেটে ব্যাথা শুরু হয়। পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। নাবালিকাকে বিষয়টি জানার জন্য চাপ দিতে, সে পুরো বিষয়টি পরিবারকে জানায়। জানা যায়, নাবালিকার এক পাড়াতুতো মামা তাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী হিসাবে কাজ করে। শুধুমাত্র এই নাবালিকা নয়, এলাকার মহিলা অন্যান্য নাবালিকাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র
শুক্রবার সকালে ওই যুবককে দেখে তার উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। বাঁশের খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে চলে গণপিটুনি! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর (Durgapur) থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। অভিযুক্তকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনির সঙ্গে যুক্ত অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে ধর্ষণের মামলারও তদন্ত শুরু করেছে পুলিশ।
