স্টাফ রিপোর্টার, হাওড়া: রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝের উপর পড়ে আছেন স্বামী। পাশেই পড়ে রক্তাক্ত স্ত্রীর দেহ। পোশাক অবিন্যস্ত। ধস্তাধস্তির চিহ্ন। হাতের মুঠি বদ্ধ। মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। বাসনপত্র ছড়ানো ছেঁটানো। রাতের খাবারও পড়ে রেয়েছে যে কে সেই! শনিবার সাত সকালে হাওড়ার লিলুয়ায় ওয়াই রোডে এই দৃশ্য দেখে হতচকিত এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে দু’টি মৃতদেহ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, মৃত দম্পতি রাজেশ সিং (৪৫) ও সবিতা সিং (৩৩)।
[‘এবার বোধহয় কাসভ জয়ন্তী পালন করবে সিদ্দারামাইয়া সরকার’]
জানা গিয়েছে, লিলুয়ার ওয়াই রোডে বেশ কিছুদিন ধরেই থাকছিলেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন রাজেশ সিং। রাজেশ গান অ্যান্ড শেল কারখানার কর্মী। তাঁর কপালে ক্ষতের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে সেটি গুলির ক্ষত। স্ত্রীর কপালেও একটি ক্ষতচিহ্নের দাগ মিলেছে। ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। কিন্তু সেটি গান অ্যান্ড শেল ফ্যাক্টরির কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে বচসার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ মনে করছে গুলি চলার আগে দীর্ঘক্ষণ দম্পতির মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। কারণ স্ত্রীর পোশাক ছিল অবিন্যস্ত।
[নাবালক প্রেমিকের সঙ্গে পলাতক গৃহবধূ, ধর্ষণের অভিযোগ দায়ের]
কিন্তু কেন এই ঘটনা ঘটল? পুলিশ জানতে পেরেছে গত ১৫ দিন ধরে কাজে যাচ্ছিলেন না রাজেশ। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কিছু দিন ধরেই দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না। সম্পর্কের অবনতি হচ্ছিল। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আদপে শান্ত স্বভাবেরই ছিলেন দম্পতি। প্রতিবেশিদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতেন তাঁরা। কিন্তু তাঁরা জানাচ্ছেন, নিজেদের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। একবার অশান্তি চরমে উঠেছিল। গত কয়েক দিন ধরে দু’জনের মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছিল না। প্রায় রোজই ঝামেলা হচ্ছিল। কিন্তু এই মৃত্যুর সঙ্গে কোনও অবৈধ ঘটনা বা অবৈধ সম্পর্ক জড়িয়ে আছে কি না তা নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছিল রাজেশ ও সবিতার। কিন্তু তাঁরা নিঃসন্তান ছিলেন। সে কারণেই রাজেশ বা সবিতা দু’জনেই কোনও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কি না তা জানতে চাইছে পুলিশ।
[নীল নেশায় বুঁদ নবীন থেকে প্রবীণ, সুরাহায় এই হাসপাতাল]
তবে এটি খুনের ঘটনা নয় তা প্রাথমিক অনুমান। তবে এর পিছনে অন্য কারও হাত থাকার কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে রাজেশ ও সবিতার বাড়িতে কোনও তৃতীয় ব্যক্তি বা মহিলার আনাগোনা ছিল না বলেই জানাচ্ছেন আশপাশের লোকজন। মাঝে মধ্যে আত্মীয়রা তাঁদের বাড়িতে আসতেন। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, গুলি চললেও তার কোনও শব্দ পাননি কেউই। এখানেই সন্দেহ দানা বাঁধছে। এত জনবহুল এলাকায় একটি নয়, দু’দুটি গুলি চলল কিন্তু কেউ কিছু টের পেলেন না? দেহ দু’টিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
The post স্ত্রীকে খুন করে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.
