সৌরভ মাজি ও ধীমান রায়: মাত্র দেড় কাঠা জমির ভিটে নিয়ে বিবাদ। আর তার জেরে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ছোটছেলের বিরুদ্ধে। এদিকে, বাবাকে মারধরের পর অনুশোচনায় বিষ খেযে আত্মহত্যার চেষ্টা করে ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কামারপাড়া শুকপুকুর এলাকায়। মৃতের নাম বিদেশী দাস (৭৮)। সোমবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
অভিযোগ, ছোটছেলে প্রশান্ত দাস মারধর করার ফলেই মৃত্যু হয়েছে তার। গত বৃহস্পতিবার প্রশান্ত বাবাকে মারধর করে। বাবাকে হাসপাতালে ভরতি করার পর অনুশোচনায় প্রশান্ত সেদিনই বিষে খেয়ে নেয় বলে দাবি করেছেন তার স্ত্রী বাসন্তী। তাকে তিনদিন হাসপাতালে ভরতি থাকতে হয়। সে সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এখনও পুলিশি গ্রেপ্তারির আশঙ্কায় আতঙ্কে রয়েছে প্রশান্ত।
[জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়লেন এক বৃদ্ধ, তারপর…]
মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের সময় এসেছিলেন মৃতের বড়ছেলে সুশান্ত। তিনি জানান, তাঁরা দুই ভাই ও তিন বোন। দেড় কাঠা জমির উপর তাঁদের বসত ভিটে রয়েছে। তাতে তার বাবা থাকতেন। ভিটে সংলগ্নই কিছু পাকা জমি রয়েছে। সেখানে সুশান্তকে দেন বাড়ি করার জন্য। ছোটছেলেও ভিটে সংলগ্ন ফাঁকা জমিতে বাড়ি করার জন্য বলেন বিদেশী। কিন্তু প্রশান্ত তাতে রাজি ছিল না বলে জানিয়েছেন সুশান্ত। তিনি বলেন, “ভাই দেড় কাঠা জমির উপর ভিটেটাই দাবি করেছিল। বাবা বলেছিলেন এখন তিনি দিতে পারবেন না। কারণ সেটা দিলে তিনি থাকবেন কোথায়। মৃত্যুর পর ওই ভিটে ভাইকে দেবেনও বলেছিলেন বাবা। কিন্তু ভাই তা মানতে রাজি ছিল না।” এই নিয়ে বৃহস্পতিবার অশান্তি হয়। তার পরই প্রশান্ত বাবাকে মারধর করে বলে সুশান্ত এদিন জানিয়েছেন।
[জমি নিয়ে বিবাদ, গৃহবধূকে গাছে বেঁধে বেধড়ক মারধর পরিজনদের]
গুরুতর জখম হলে বিদেশীকে প্রথম নতুনহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরদিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে মৃত্যু হয়। বাড়িতে শোকের পরিবেশ। আতঙ্কে রয়েছে প্রশান্তর পরিবার। এদিন প্রশান্তর স্ত্রী বাসন্তী জানান, শ্বশুরমশাইকে মারধরের পর তাঁর স্বামী বুঝতে পারেন ভুল করে ফেলেছে। লুকিয়ে বাড়িতেই বিষ খেয়ে নেয়। তার পর তাকে মঙ্গলকোট হাসপাতালে ভরতি করা হয়। সোমবারই হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হয়নি বলে জানিয়েছেন বাসন্তী। তিনি বলেন, “স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। এখন স্বামীকে পুলিশ গ্রেপ্তার করলে আমরা ভেসে যাব।”
The post জমি বিবাদে মারধরে মৃত্যু বাবার, অনুশোচনায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের appeared first on Sangbad Pratidin.
