নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ। শহিদ অসম রাইফেলসের এক জওয়ান। আহত হয়েছেন চারজন। তড়িঘড়ি আহত জওয়ানদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সুকোভির কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। কোহিমার ডিফেন্স পাবলিক রিলশনসের মুখপাত্র জানিয়েছেন, অসম রাইফেলসের একটি গাড়ি লক্ষ্য বিস্ফোরণ ঘটানো হয়। এর জেরেই মৃত্যু হয়েছে এক জওয়ানের।
ডিফেন্স পাবলিক রিলশনসের মুখপাত্র জানিয়েছেন, সুখোভির কাছে অসম রাইফেলস ট্রেনিং সেন্টারের ৫০০ মিটারের মধ্যে দুুপুর আড়াইটে নাগাদ একটি গাড়িতে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এর ফলে একজন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। চারজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের ডিমাপুরের খ্রিস্টান ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এ ভর্তি করা হয়েছে। পালটা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি।
নাগাল্যান্ডের ডিজিপি রূপিন শর্মা জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী সন্দেহভাজন আইইডিটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি অটোরিকশায় রাখা ছিল। রাজ্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনার নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “চুমুকেদিমায় বোমা বিস্ফোরণের ঘটনাটি একটি কাপুরুষোচিত কাজ। এর কোনও স্থান আমাদের সমাজে নেই। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। যারা এর জন্য দায়ী, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন কোনও কাজ আমরা বরদাস্ত করব না।”
