মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন (Madhyamgram Fire)। দাউ দাউ করে জ্বলছে একাধিক দোকান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই বিরাট আকার নেয় আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে মিষ্টির দোকানের এক কর্মীর।
মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী আগুন। নিজস্ব ছবি
মধ্যমগ্রাম স্টেশনের পাশে রয়েছে বহু খাবারের দোকান। তার ঠিক পিছনেই রয়েছে একটি কাঠগোলা। জানা যাচ্ছে, এদিন ওই কাঠগোলাতেই প্রথম আগুন লাগে। দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে। পাশে একাধিক খাবারের দোকান থাকায় স্বাভাবিকভাবেই সেখানে মজুত করা ছিল গ্যাস সিলিন্ডার। একের পর এক তা ফাটতে শুরু করে। মুহূর্তের মধ্যে ভয়ংকর আকার নেয় আগুন। কাঠগোলা সংলগ্ন বহু দোকানে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিনয যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও আয়ত্তে আসেনি আগুন।
স্টেশন লাগোয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের (Madhyamgram Fire) জেরে স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে রেল চলাচলও। তবে কী থেকে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানানো সম্ভব নয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এখনই অঙ্ক জানা সম্ভব নয়।
