shono
Advertisement
Howrah

৮০ টাকায় জিন্স, ৫০ টাকা টি শার্ট! ইউটিউবে ভিডিও দেখে ডোমজুড়ের হাটে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা। 
Published By: Kousik SinhaPosted: 09:55 PM Feb 24, 2026Updated: 09:56 PM Feb 24, 2026

মাত্র ৮০ টাকায় নাকি বিকোচ্ছে দেড় হাজারি জিন্স। মাত্র ৫০ টাকায় মিলছে হাজার টাকার টি শার্ট। এখানেই শেষ নয়! মহিলাদের দামী পোশাকের দাম মাত্র ১০০ টাকা। ইউটিউবে এমনই এক ভিডিও দেখে লোভ সামলাতে পারেননি মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী। কিন্তু ভিডিওর আড়ালে যে প্রতারণার ফাঁদ তা ঘুনাক্ষরেও টের পাননি ওই ব্যাবসায়ী! কম দামে পাওয়া ওই পোশাক কিনতে এসে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। এরপরেই থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা। 

Advertisement

মধ্যপ্রদেশের প্রতারিত ওই ব্যবসায়ীর নাম বিজয় দুবে। তিনি জানান, ইউটিউবে একটি ভিডিও দেখে টিকিয়াপাড়ার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। জামা, প্যান্ট ও মহিলাদের নানা পোশাক কিনবেন বলে ওই ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেন। এর পর কিছুদিন আগে জব্বলপুর হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি আসেন মধ্যপ্রদেশের ব্যবসায়ী বিজয়। হাওড়ার একটি হোটেলে ওঠেন। পরের দিন টিকিয়াপাড়ার যে ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন সেই ব্যক্তি তাঁকে বাইকে চাপিয়ে ডোমজুড়ের একটি হাটের বিভিন্ন দোকানে নিয়ে যান। সস্তায় এত ভালো জামা কাপড় দেখে পছন্দ হয়ে যায় বিজয়ের। এর পর প্রায় ৫০ হাজার নগদ টাকা দিয়ে জামা কাপড় বুক করে দেন। ডেলিভারির জন্য ২ হাজার টাকা দেন। তার সামনেই মালপত্র প্যাকিং করে ডেলিভারির জন্য পাঠানো হয়।

কিন্তু বিজয়বাবুর অভিযোগ, তারপর আর কিছুই ডেলিভারি হয়নি। ফোনে টিকিয়াপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে বার বার যোগাযোগ করেও কিছু সুরাহা হয়নি। উল্টে ব্যবসায়ী বিজয়কে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বলা হয় হাওড়া ছেড়ে চলে যেতে। এর পরই বিজয় বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। হাওড়া সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ করেন। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যবসায়ী সাইবার থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগে ব্যবসায়ী জানান, তিনি জামাকাপড় নেওয়ার জন্য এক ব্যক্তিকে টাকা দিয়েছিলেন কিন্তু জামাকাপড় পাননি। সেই টাকা যাতে ওই ব্যবসায়ী ফেরত পান তার ব্যবস্থা করে একটি সাধারণ মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম থানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement