কল্যাণ চন্দ, বহরমপুর: প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হল মুর্শিদাবাদে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হল ধূমপান নিষিদ্ধ অভিযান। সোমবার বহরমপুরে অভিযান চালিয়ে পথচলতি মানুষের কাছে প্রকাশ্যে সিগারেট-বিড়ি খাওয়ার জন্য জরিমানা করা হল। জেলাজুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। মুর্শিদাবাদে সিগারেট-বিড়িতে সুখটান দিতে দিতে রাস্তায় চলার দিন শেষ হল এবার। স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ, যে কেউ ধূমপায়ীদের জরিমানা করতে পারে। ২০০ টাকা জরিমানা দিয়ে তবেই রেহাই পাওয়া যাবে। সোমবার সকালে বহরমপুর বাসস্ট্যান্ডে প্রথম অভিযান চালাল জেলা স্বাস্থ্য দপ্তর।
[ প্রধানমন্ত্রীর সময় নেই, বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত সমাবর্তন থেকে বাদ গেল দেশিকোত্তম ]
এদিন মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরুপম বিশ্বাসের উপস্থিতিতে শুরু হয় অভিযান। অভিযানে নেমে রাস্তার মধ্যে ধূমপানকারীদের ধরে ২০০ টাকা জরিমানা করা হয়। এরপর বহরমপুর টেক্সটাইল মোড়, বহরমপুর ফৌজদারি কোর্টের মোড়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। মোট ২১ জন ধূমপায়ীকে জরিমানা করা হয়। এই প্রসঙ্গে ডাঃ নিরুপম বিশ্বাস জানান, প্রকাশ্যে ধূমপান করার অভিযান সোমবার থেকে শুরু হল। এরপর জেলাজুড়ে অভিযান চলবে। সোমবার বহরমপুরে ১৫ জনের কাছে ২০০ টাকা করে জরিমানা নেওয়া হয়েছে। বাকিদের কাছে টাকা ছিল না বলে ছেড়ে দেওয়া হলেও সতর্ক করা হয়েছে। জরিমানার টাকা টিআর ফর্ম ৭-এ জমা পড়বে সরকারের কাছে।
[ ফের পুলিশের জালে ভুয়ো চিকিৎসক, জালিয়াতির নেপথ্যে দিল্লির চক্র! ]
উল্লেখ্য, বিশ্বের চারটি দেশের সঙ্গে ভারতেও ৫০ শতাংশ মানুষ রোগাক্রান্ত হন শুধুমাত্র ধূমপানজনিত কারণে। বেশিরভাগ দূরারোগ্য ব্যাধির মূলেই থাকে ধূমপান। মারণব্যাধি ক্যানসার অনেকক্ষেত্রেই ধূমপানের সূত্রে আসে। কখনও পরোক্ষ ধূমপানকারী আক্রান্ত হন। দেশের সর্বত্র তাই সিগারেটের প্যাকেট সতর্কীকরণ প্রসঙ্গের উল্লেখ থাকে। তারপরেও কিন্তু ধুমপায়ীদের সংখ্যা কমে গিয়েছে, তা নয়। প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে ক’জন। জরিমানা নেওয়াতেও ঢিলেমি রয়েছে। অনেকে আবার জরিমানা দিয়েও সুখটান ছাড়তে নারাজ। কিন্তু নবাবের শহর কেন হার মানবে ? শহরবাসীকে ধূমপান থেকে দূরে রাখতে তাই শুরু হয়েছে ধূমপান বিরোধী অভিযান। না শুনলেই পকেট থেকে খসবে ২০০টি টাকা।
The post প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ মুর্শিদাবাদে, ধরা পড়লেই জরিমানা ২০০ টাকা appeared first on Sangbad Pratidin.
