জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় রহস্যমৃত্যু বাংলার এক অগ্নিবীর জওয়ানের! গতকাল, বৃহস্পতিবারও বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এদিন সকালে সেনাবাহিনীর তরফে বাড়িতে মৃত্যুসংবাদ দেওয়া হয়। মৃতের নাম অনুপম মণ্ডল। বাড়ি বীরভূম জেলার মল্লারপুর থানার সৌজ গ্রামে। মৃত্যুসংবাদ আসার পরই পরিবারে কান্নার রোল উঠেছে। কর্মরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুর খবরে গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ জম্মু-কাশ্মীর থেকে মা মল্লিকা মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অনুপম। ছেলের কথাবার্তা একদম স্বাভাবিক ছিল সেসময়। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। অধিক রাতে সেনাবাহিনীর তরফ থেকে অনুপমের বাড়িতে ফোন করা হয়েছিল। কিন্তু সকলেই ঘুমিয়ে থাকায় আর সেই ফোন ধরা সম্ভব হয়নি।
আজ, শুক্রবার সকালে ফের সেনাবাহিনীর তরফে ফোনে অনুপমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ফোন ধরলে মৃত্যুসংবাদ জানানো হয়। এই দুঃসংবাদ শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল অনুপমের বাবা-মায়ের। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনেরাও। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি বলে পরিবারের দাবি। কীভাবে মৃত্যু হল অনুপমের? সেই প্রশ্ন উঠেছে। আকস্মিক মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা রামপ্রসাদ মণ্ডল, মা মল্লিকা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
মৃত অগ্নিবীরের মামা সমীরণ মণ্ডল জানান, ২০২২ সালে অগ্নিবীরে যোগদান করেন অনুপম। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেই স্বপ্নপূরণ করেই দেশের সেবায় যোগ দিয়েছিলেন তিনি। এবারের সরস্বতী পুজোর সময় ছুটিতে বাড়ি এসেছিলেন অনুপম। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে ফের কর্মস্থল জম্মু-কাশ্মীরে ফিরে যান।
