shono
Advertisement
Nabadwip

ফের রাজ্যে সক্রিয় ডাকাত গ্যাং! নবদ্বীপে দুই সোনার দোকান-সহ পরপর ৩টি দোকানে লুট

শুক্রবার গভীর রাতে দুটি সোনার দোকান-সহ তিনটি দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনা-রূপোর গয়না ও নগদ লুট হয়।
Published By: Jaba SenPosted: 02:40 PM Mar 28, 2026Updated: 02:44 PM Mar 28, 2026

ভোটমুখী রাজ্যে কি ফের সক্রিয় দুষ্কৃতী গ্যাং? নবদ্বীপে পরপর দোকানে লুট করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে দুটি সোনার দোকান-সহ তিনটি দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনা-রূপোর গয়না ও নগদ লুট হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা কানাইনগর বটতলা এলাকায়। শনিবার সকালে দোকানের মালিকরা ঘটনাস্থলে এলে লুটের বিষয়টি তাঁদের নজরে পড়ে।

Advertisement

সূত্রের খবর, শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ কানাই নগর বাজারে ঢুকে তিনটি সোনার দোকান ও একটি রেডিমেড পোশাকের দোকানের তালা ও শাটার ভাঙে দুষ্কৃতীরা। এর মধ্যে দুটি সোনার দোকান ও একটি পোশাকের দোকানে ঢুকে লুট চালানো হয়। অন্য একটি সোনার দোকানের শাটার ভাঙলেও ভিতরে প্রবেশ করতে পারেনি দুষ্কৃতীরা। চুরি হওয়া দুই সোনার দোকানের একটি থেকে আনুমানিক ৫-৬ লক্ষ টাকার গয়না ও অন্য একটি দোকান থেকে প্রায় দুই থেকে তিন কেজি রুপো এবং অন্যান্য অলংকার খোয়া দিয়েছে। পোশাকের দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লুট হয়েছে বলে অভিযোগ মালিকের।

শনিবার সকালে দোকানের মালিকেরা এসে দেখেন, শাটার ও তালা ভাঙা অবস্থায় রয়েছে। দোকান থেকে সোনা-রুপোর গয়না ও নগদ গায়েব। একটি সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা অবস্থায় এক দুষ্কৃতীকে দোকানের ভিতরে দেখা গিয়েছে। যদিও ব্যবসায়ীদের অনুমান, একজন ব্যক্তির পক্ষে এই দুঃসাহসিক কাজ করা সম্ভব নয়। এর পিছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। পাশাপাশি তাঁরা এও জানান, স্থানীয় কেউ বা কারা এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে অনেকের অনুমান, এর পিছনে কোনও দুষ্কৃতী গ্য়াংয়ের হাত থাকতে পারে।

শনিবার চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর নবদ্বীপ থানার পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধির দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement