তৃণমূল মানেই 'মা-মাটি-মানুষের' সরকার। তা যে শুধু প্রচারের ট্যাগ লাইন নয়, নির্বাচনী সভা থেকে তা আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলেকে 'লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার না' করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার প্রচারের তৃতীয় দিনে রানিগঞ্জের নির্বাচনী সভায় বরাবরের মতো 'অ্যাক্টিভ' মুডে দেখা গেল তাঁকে। বক্তৃতার আগাগোড়া তৃণমূলের 'উন্নয়নের পাঁচালি' যেমন সামনে এনেছেন, তেমনই বাংলার জন্য গেরুয়াশিবিরের 'বঞ্চনা'র কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তবে ভোটের মুখে নিজের দলের প্রশংসায় পঞ্চমুখ হলেও 'আত্মবিশ্লেষণ'-এর কথাও ভুলে যাননি তৃণমূল নেত্রী।
এদিন সভার একেবারে শেষলগ্নে, মঞ্চের সামনে থাকা মানুষের সঙ্গে তৃণমূল প্রার্থীদের পরিচয় পর্বে উঠে আসে নেত্রীর সতর্কবাণী। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের হাত ধরে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর ছেলের 'ভুল' ধরিয়ে দিলেন মমতা। প্রার্থী হরেরামের উদ্দেশে তিনি বলেন, 'তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে'।
প্রসঙ্গত, জামুড়িয়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। সূত্রের খবর, তাঁর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। নিঃসন্দেহে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। তৃণমূলের তরফেও 'লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে' বহুবার সতর্ক করা হয় তাঁকে। কিন্তু দলের কথা কানেই তোলেননি বলে অভিযোগ বিধায়কপুত্রের বিরুদ্ধে। তাই শনিবার নিজেই ব্যাট ধরলেন স্বয়ং নেত্রী। ভরামঞ্চ থেকে সরাসরি প্রেমপাল সিংকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগেও বিভিন্ন সভায় একাধিকবার মমতা-অভিষেককে বলতে শোনা গেছে, 'এমন কোনও কাজ করবেন না, যাতে দলকে বিড়ম্বনায় পড়তে হয়', দলের নাম ভাঙিয়ে যথেচ্ছ ব্যবহার যে কোনওভাবেই বরদাস্ত নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূলের ওয়ান ইন কমান্ড।
