shono
Advertisement
SIR Supplementary List

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় শশী-কাজল, কল্যাণপুত্র শীর্ষণ্যর ভাগ্যে কী?

শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় ২৩ লক্ষ।
Published By: Sayani SenPosted: 10:27 AM Mar 28, 2026Updated: 04:42 PM Mar 28, 2026

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (SIR Supplementary List) কিছুটা স্বস্তি। প্রকাশিত শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Shashi Panja) এবং হাসনের শাসক শিবিরের 'সৈনিক' কাজল শেখের (Kajal Sheikh) নাম। তালিকায় নাম রয়েছে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়েরও। এতদিন ধরে তাঁরা 'বিবেচনাধীন' ছিলেন। তার ফলে আর মনোনয়ন পেশে তাঁদের কোনও বাধা রইল না। তবে এখনও 'বিবেচনাধীন' রয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন প্রার্থী। 

Advertisement

রাজ্যে দু’দফায় – ২৩ ও ২৯ এপ্রিলে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফা অর্থাৎ ২৩ এপ্রিলের ভোটপর্বে যে প্রার্থীরা লড়ছেন, তাঁদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। আর দ্বিতীয় দফা বা ২৯ এপ্রিলের যাঁদের ভোটপরীক্ষা, তাঁরা শেষ ৯ এপ্রিল মনোনয়ন দিতে পারবেন। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম না উঠলে প্রার্থীপদে মনোনয়ন দিতে পারবেন না। আর সেই কারণে মনোনয়নের আগে যাতে প্রার্থীদের নাম নিষ্পত্তি করে ফলাফল প্রকাশ করা হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখল শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য তিনপাতার সেই চিঠিতে আবেদন জানিয়েছেন, বিষয়টি নিয়ে জরুরিকালীন পরিস্থিতিতে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি সুজয় পাল।
স্বাভাবিকভাবেই 'বিবেচনাধীন' প্রার্থীদের নিয়ে ক্রমশ বাড়ছে দুশ্চিন্তা।

এদিকে, গত সোমবার, ২৩ মার্চ ভোটের ঠিক একমাস আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তখন রাত ১২টা বাজতে সামান্য কিছু সময় বাকি ছিল। সেই তুলনায় শুক্রবার, কিছুটা আগে, রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে খবর, শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় ২৩ লক্ষ। কিন্তু তাতেও বোঝা গেল না, এসআইআর পর্বে ‘বিচারাধীন’ থাকা কতজনের নাম তালিকায় যুক্ত হল, কতজন বাদ পড়লেন। সোমবার তালিকা প্রকাশের পর কমিশনের তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার সকালে বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। সেখান থেকে বিচারাধীন ভোটাররা নিজেদের ভবিষ্যৎ জানতে পারবেন। কিন্তু মঙ্গলবার দিনভর এনিয়ে বিস্তর গোলযোগ দেখা যায়। যাঁরা অনলাইনে দেখার চেষ্টা করেছিলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থমকে যাওয়ায় তাঁরা অতিরিক্তি তালিকা দেখতে পাননি। শুক্রবারও ব্যতিক্রম ঘটল না। প্রকাশিত দ্বিতীয় অতিরিক্ত তালিকাও সেই ধোঁয়াশায় ভরপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement