shono
Advertisement

সংরক্ষণের গেরোয় নদিয়ার ৫ পঞ্চায়েতের প্রধান নির্বাচন নিয়ে ডামাডোল

রাজনৈতিক দল থেকে প্রশাসনিক কর্তাদের মাথার চুল ছেঁড়ার উপক্রম। The post সংরক্ষণের গেরোয় নদিয়ার ৫ পঞ্চায়েতের প্রধান নির্বাচন নিয়ে ডামাডোল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:05 PM May 27, 2018Updated: 07:16 PM May 27, 2018

পলাশ পাত্র, তেহট্ট: সংরক্ষণের গেরোয় নদিয়ার পাঁচ পঞ্চায়েত নিয়ে রাজনৈতিক দল থেকে প্রশাসনিক কর্তাদের মাথার চুল ছেঁড়ার উপক্রম। জেলার ১৮৫টি পঞ্চায়েতের মধ্যে এই তফসিলি উপজাতি সংরক্ষিত ৫টি পঞ্চায়েতের তিনটিতে আবার যে জিতেছে সেই প্রধান পদ পাবে। এই তিনজনই মহিলা। বাকি দুটি পঞ্চায়েতের একটি মহিলা এসটি ও অন্যটি শুধু এসটি সংরক্ষিত। এই পাঁচ পঞ্চায়েতের মধ্যে সব মিলিয়ে তিনটি মহিলা এসটি ও বাকি দুটি স্রেফ এসটি সংরক্ষিত। পঞ্চায়েত গুলোর নাম তেহট্ট-১ ব্লকের বেতাই-১, শান্তিপুরের বাবলা, চাকদহের ঘেঁটুগাছি, হাঁসখালির মামজোয়ান, রাণাঘাট-২ এর বৈদ্যপুর-১। প্রথম তিনটি পঞ্চায়েতের প্রধান মহিলা এসটি। শেষের দুটি শুধু এসটি। এই পাঁচটি পঞ্চায়েতের মধ্যে বেতাই-১ বাদে চারটিতে তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতা দখল করতে চলেছে। বেতাই ১-এ বিজেপি ১১টি আসন পেয়ে ক্ষমতা পেলেও ৪টি আসন পেয়েও তৃণমূলের বুড়িবালা সর্দার সংরক্ষণের গেরোয় প্রধান হতে চলেছেন। শান্তিপুরের ২০ আসন বিশিষ্ট বাবলা পঞ্চায়েতে তৃণমূল-১৪, বিজেপি-৫, সিপিএম-১টি পেয়েছে। এখানে সংরক্ষিত আসনে কংগ্রেসের শর্মিলা সর্দারকে ১৩ ভোটে হারিয়ে তৃণমূলের উন্নতি সর্দার প্রধান হওয়ার পথে।

Advertisement

[বাগদায় তৃণমূল করার ‘অপরাধে’ আক্রান্ত চিকিৎসক, পুড়ে ছাই চেম্বার]

২৫ আসন বিশিষ্ট চাকদহের ঘেঁটুগাছিতে ভোট হওয়া ২৩ আসনের মধ্যে তৃণমূল-২১, বিজেপি-২। এখানে ৩টি মহিলা এসটি সংরক্ষিত আসনে তিনজন তৃণমূল প্রার্থী জিতেছে। এরা হলেন শিবাণী সর্দার, মালতী সর্দার, শেফালি হাজদা। প্রধান পদটি মহিলা এসটি সংরক্ষিত হওয়ায় কার ভাগ্যে শিকে ছিঁড়বে সে নিয়েও রয়েছে জল্পনা। আবার হাঁসখালি ব্লকের ১৭ আসনের মামজোয়ান পঞ্চায়েতে ৭টি আসনে ভোট হলে তৃণমূল ৭টিই দখল করে। এই পঞ্চায়েতে ১৫ নং সংসদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে প্রমীলা সর্দার। প্রধান পদটি শুধু এসটি সংরক্ষিত হলেও (সেক্ষেত্রে পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে) কেউ এসটি প্রার্থী না থাকায় প্রমীলাদেবীই প্রধান হতে চলেছেন। রাণাঘাট ২ ব্লকের ১৪ আসনের বৈদ্যপুর-১ পঞ্চায়েতে তিনটি আসনে লড়াই হয়েছে। ২টি তৃণমূল ও ১টি বিজেপি পেয়েছে। এখানে তৃণমূল পঞ্চায়েত দখলের পথে। এসটি প্রধান সংরক্ষিত এই পঞ্চায়েতে ২ ও ১১ সংসদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূলের কৃষ্ণ রায় ও কমলা মুন্ডারি। দুজনেই প্রধান পদের দাবিদার। পাঁচ পঞ্চায়েতে এই জটিল অবস্থান প্রসঙ্গে নদিয়া জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, পঞ্চায়েত নিয়মে যা আছে তাই হবে। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশংকর দত্ত বলেন, এগুলো আগষ্ট মাসে হবে। তবে এ নিয়ে ভাবনা চিন্তা চলছে।

[ঘরে ঢুকে বিজেপি কর্মীকে গুলি করে খুন, চাঞ্চল্য শান্তিপুরে]

The post সংরক্ষণের গেরোয় নদিয়ার ৫ পঞ্চায়েতের প্রধান নির্বাচন নিয়ে ডামাডোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার