সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি করতে এসে তাঁদের বাড়িতেই পাত পেড়ে খেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মাটিতে বসে কলাপাতায় বেশ তৃপ্তির সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। সে ছবি ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে। কিন্তু ২৫ এপ্রিলের সঙ্গে ৩ মে-র ফারাক অনেকটাই। শুধু দিনের হিসেবেই নয়, বাস্তবতাতেও। কেননা সেই মাহালি দম্পতিই এবার যোগ দিলেন তৃণমূলে।
[ আজানে লাউডস্পিকার বাধ্যতামূলক নয়, মত আদালতের ]
জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন রাজু ও গীতা মাহালি। তাঁদের নিখোঁজের কথা জানানো হয় পুলিশকে। দুই বিজেপি কর্মীর খোঁজ পেতে চাপ দেওয়া পুলিশের উপর। বুধবার তাঁদের খোঁজ পাওয়া গেল একেবারে নাটকীয়ভাবে। তৃণমূলে যোগদান করা অবস্থাতেই দেখা গেল তাঁদের। ঘটনায় ক্ষুব্ধ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বললেন, “ওঁদের চেহারাগুলো দেখুন, তাহলেই বোঝা যাবে ঠিক কী হয়েছে ওঁদের সঙ্গে। সেদিন ওঁরা আমাদের আদর করেই খাইয়েছিলেন। তারপর থেকেই ওঁদের উপর চাপ সৃষ্টি করা হয়। তৃণমূলের নেতারা বলতে থাকেন, তাঁদেরও খাওয়াতে হবে। তারপর থেকেই ওঁরা নিখোঁজ ছিলেন। প্রশাসন জোর করে করে এ কাজ করছে।” যদিও তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতেই শামিল হয়েছেন এই দম্পতি। এখানে কোনও জোরের তত্ত্ব খাটে না। প্রত্যুত্তরে দিলীপবাবুর পাল্টা বক্তব্য, “তৃণমূল তো শাসকদল। তাহলে সেই দলে যোগ দেওয়ার জন্য কাউকে লুকিয়ে থাকতে হবে কেন? কেউ লুকিয়ে বিজেপিতে যোগ দিচ্ছে, এরকম হলে তাও বুঝতাম। কিন্তু তৃণমূলে যোগ তাও আবার লুকিয়ে লুকিয়ে কেন? আসলে এসব বলে মানুষকে ভুল বোঝানো যাবে না।”
[ বিয়ের নিমন্ত্রণপত্রে গণেশের ছবি, সম্প্রীতির নয়া নজির মুসলিম যুবকের ]
কিন্তু কী এমন হল যে তৃণমূলে যোগ দিলেন মাহালি দম্পতি? অমিত শাহ চলে যাওয়ার পর এই দম্পতিই বলেছিলেন, বাড়ি থেকে মেয়ে চলে গেলে যেরকম অনুভূতি হয় সেরকমই হচ্ছে। তাহলে কেন আচমকা যোগ দিলেন তৃণমূলে? সে উত্তর এখনও মেলেনি। রাজু জানিয়েছেন, ভাল লেগেছে বলেই তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের অপহরণের যে অভিযোগ উঠেছিল, তা অস্বীকার করেছেন তাঁরা। তবে নিখোঁজ হয়ে ঠিক কোথায় ছিলেন তাও জানাতে চাননি মাহালি দম্পতি। এদিকে সেদিন যে দম্পতি অমিত শাহকে খাইয়েছিলেন, তাঁরাই এদিন চা করে খাওয়ান তৃণমূল নেতা তথা পর্যটনমন্ত্রী গৌতম দেবকে। মাহালি দম্পতিকে দলের বিশেষ দায়িত্বভার দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। তবে পুরো ঘটনার আকস্মিকতায় বেশ বিস্মিত এলাকাবাসী।
The post খাইয়েছিলেন অমিত শাহকে, এবার তৃণমূলে যোগ মাহালি দম্পতির appeared first on Sangbad Pratidin.
