shono
Advertisement
Rampurhat

নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক

ছিল 'নেতাজি সুভাষ রোড'। হয়ে গেল 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'! রাতারাতি বদলে গেল রাস্তার নাম!
Published By: Suhrid DasPosted: 03:16 PM Aug 12, 2026Updated: 03:42 PM Aug 12, 2026

ছিল 'নেতাজি সুভাষ রোড'। হয়ে গেল 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'! রাতারাতি বদলে গেল রাস্তার নাম! নতুন নামফলকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি বিধায়কও! সাড়া ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে (Rampurhat)। কিন্তু নেতাজির নামকরণে থাকা রাস্তার নাম কীভাবে বদলে ফেলা যায়? সেই প্রশ্ন উঠেছে। যদিও রামপুরহাট পুরসভার তরফে জানানো হয়েছে, ওই রাস্তার নামবদলের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলেছেন।

Advertisement

রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রয়েছে। ওই রাস্তাটির নাম দীর্ঘকাল ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রেই গৈরিকীকরণ দেখা যাচ্ছে! একাধিক রাস্তার নামও বদলানোর কথা উঠেছে। সেই আবহে এবার 'নেতাজি সুভাষ রোড'-এর নাম বদলে দেওয়া হল! ওই রাস্তার নতুন নাম 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'!

জানা গিয়েছে, একটি গেরুয়া রঙের ফলক অতি সম্প্রতি রাস্তার ধারে বসানো হয়েছে। ওই ফলকেই 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড' নাম লেখা হয়েছে। ওই ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। কিন্তু নেতাজির নামে থাকা থাকা কীভাবে শ্যামাপ্রসাদের নামে করা হল? বিজেপি বিধায়ক জানিয়েছেন, পুরসভার কোনও নথিতেই রাস্তার নাম সংক্রান্ত কোনও নাম পাওয়া যায়নি! পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতেই ওই নামকরণ করা হয়েছিল। সেসময় কোনও প্রতিবাদ করা হয়নি বলে বিধায়কের দাবি। নেতাজির প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথিতে ওই রাস্তায় নামফলক বসানো হয়েছিল। শ্যামাপ্রসাদের মূর্তিও বসানো হয়। কিছুদিন আগেই এই বিষয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই রাস্তার নাম আগে 'নেতাজি সুভাষ রোড' ছিল বলে চর্চা শুরু হয়েছে।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য কোনও আবেদন দেওয়া হয়নি। বিধায়ক একক সিদ্ধান্তে নামকরণ করতে পারেন না! চেয়ারম্যানের বক্তব্য, নামবদল করতে হলে পুরবোর্ডে প্রথমে ওই প্রস্তাব পাশ করাতে হবে। এরপর রাজ্য প্রশাসনের অনুমোদন দরকার। যদিও স্থানীয় বিধায়কের দাবি, সেই নামফলক উদ্বোধনের সময় পুর চেয়ারম্যান, তৃণমূল নেতা সৌমেন ভকত উপস্থিত ছিলেন! কংগ্রেস ও সিপিআইএমের পক্ষ থেকে এই রাস্তার নামকরণের বিরোধিতা করেছেন। তাদের দাবি এই রাস্তার নাম পুনরায় নেতাজী সুভাষ রোড রাখা হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement