সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশোর রোডে বিধ্বংসী আগুন লাগল তেলের ট্যাঙ্কারে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। স্থানীয়রাই প্রথম টের পান ট্যাঙ্কার জ্বলছে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভস্মীভূত ট্যাঙ্কার থেকে একটি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। অনুমান ট্যাঙ্কারের খালাসির দেহ। চলন্ত ট্যাঙ্কারে আগুন লেগেছে, হয়তো বুঝতে পারেননি ওই খালাসি। তাই জীবন্ত দগ্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
[ভিলেন মাছি, জঙ্গলমহলে আদিবাসী মহিলাদের যৌনাঙ্গে সংক্রমণ]
উল্লেখ্য, দত্তপুকুর এলাকায় যশোর রোডের চারপাশে দোকানপাটের পাশাপাশি গাছপালাও রয়েছে। এমন একটি জায়গাতেই তেলের ট্যাঙ্কারে আগুনটি লাগে। সেটি উলটে যেতেই তেল বেরিয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে হতচকিত ভাব কাটিয়ে দমকলে খবর দেন স্থানীয়রা। নিজেরাও বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দাউদাউ জ্বলছে তেল ভরতি ট্যাঙ্কার। আগুন নিয়ন্ত্রণের আনতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লেগে যায়। এরপর ভস্মীভূত ট্যাঙ্কার থেকে একটি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও দমকলকর্মীদের অনুমান, মৃতদেহটি ট্যাঙ্কারের খালাসি। তবে ট্যাঙ্কার চালকের কোনও হদিশ মেলেনি। হয়তো আগুন দেখে তিনি ট্যাঙ্কার ফেলে পালিয়েছেন। মৃতকর্মী ঘুমিয়ে থাকতে পারেন, তাই আগুন লাগার ঘটনাটি বুঝতে পারেননি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, চালকের ঘুমে চোখ জড়িয়ে যেতেই সম্ভবত ট্যাঙ্কারটি উলটে যায়। তাতেই বিপত্তি, তেল লিক করে ধরে যায় আগুন। সুযোগ বুঝে পালিয়ে বাঁচেন চালক। তবে ঘুমিয়ে থাকার কারণে বেরতে পারেননি খালাসি। জীবন্ত দগ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়। এতবড় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
[বিরল প্রজাতির পাখি মেরে ফেসবুকে নাগা জওয়ানদের উল্লাস, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ বনদপ্তরের]
The post যশোর রোডে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুনে মৃত্যু একজনের, চাঞ্চল্য দত্তপুকুরে appeared first on Sangbad Pratidin.
