জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ট্রাকের মধ্যে থরে থরে সাজানো বেদানার পেটি। তার নিচের পেটিগুলির মধ্যে সাজানো রয়েছে নতুন ও পুরনো মোবাইল এবং রুপোর গয়না। ট্রাকটি পেট্রাপোল এলাকায় পৌঁছে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়েছিল। খালি চোখে দেখে বোঝার উপায় নেই ট্রাকের ভিতরে ফল ছাড়া অন্য কিছু রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে ট্রাকে তল্লাশি চালাতেই পুলিশ কর্তাদের চক্ষু চড়কগাছ৷ একে একে ফলের পেটি খুলতেই বেরিয়ে পড়ল কয়েকশো মোবাইল এবং রুপোর গয়না। বুধবার বিকেলে পেট্রাপোল থানার পুলিশ ফলবোঝাই ট্রাকে অভিনব পাচার রুখল। ট্রাক চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ট্রাকে রাখা ১২টি পেটির থেকে ১৬১ কেজি রুপোর গয়না এবং ৪৮০টি নতুন ও পুরানো মোবাইল ফোন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। ধৃত চালক তারক রাম এবং খালাসি লাডা রাম রাজস্থানের বাসিন্দা। ফল নিয়ে তারা রাজস্থান থেকেই এসেছিল।
[আরও পড়ুন: আনিস হত্যাকাণ্ডে সিটের উপরেই আস্থা, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের]
পুলিশ জানিয়েছে, পাচার রুখতে সীমান্ত এলাকায় নিয়মিত ধরপাকড় চলে পুলিশের। পাচারের কৌশল বদল করছে পাচারকারীরা। এদিন বিকেলে ট্রাকটি পাচারের পণ্য নিয়ে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে পেট্রাপোল বন্দরে দাঁড়িয়েছিল। সূত্র মারফত খবর পেয়ে ট্রাকটিকে আটক করে তল্লাশি শুরু হয়। পেট্রাপোল থানার পুলিশ আধিকারিক গণেশ বাইন ও বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদারের নেতৃত্বেই চলে তল্লাশি।
বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার বলেন, “ফলের বাক্সে মধ্যে রেখে প্রায় ২ কোটি টাকার রুপোর গয়না এবং নতুন ও পুরনো মিলিয়ে ৪৮০টি মোবাইল ফোন বাংলাদেশে পাচার করা হচ্ছিল। পুলিশের তৎপরতায় তা রুখে দেওয়া হয়েছে। ধৃত চালক ও খালাসিকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।”
