দিব্যেন্দু মজুমদার, হুগলি: নিরাপত্তা প্রশ্নে এবার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির চঁচুড়ার খাগরাজোল এলাকায়। এমনিতেই সমাজবিরোধীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চুঁচুড়াবাসী। এদিন জনসাধারণের নিরাপত্তা খতিয়ে দেখতে সেখানে আসেন বিধায়ক অসিত মজুমদার। এসেই বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
[রামকিঙ্করের ভাস্কর্য সংস্কারে ৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রের]
উল্লেখ্য, হুগলির চুঁচুড়া পৌরসভার ১৬, ১৮, ১৯ নম্বর ওয়ার্ড লাগোয়া খাগরাজোল এলাকায় দিন দিন সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে। নিত্যনতুন সমাজবিরোধীদের আখড়া গজিয়ে উঠছে এলাকা। এর জেরে বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কের মধ্যেই। স্থানীয়দের অভিযোগ, এলাকারই কিছু ছেলের সহযোগিতায় বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় ঢুকে অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। প্রতিবাদ করাতে মারধর ও প্রাণনাশের হুমকিও পেয়েছেন অনেকে। ফলে একপ্রকার ভয়েই এতদিন বাসিন্দারা মুখ বন্ধ করে ছিলেন। কিন্তু এইসব সমাজবিরোধীদের দৌরাত্ম্য চরমে পৌঁছালে মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও ফল না হওয়ায় বাসিন্দারাই দিন সাতেক আগে সমাজবিরোধীদের ঠেক ভেঙে দেন। কিন্তু তারপরও সমাজবিরোধীদের কোনও হেলদোল ছিল না। এতেই ক্ষোভে ফুঁসছিল এলাকার মানুষ।
[নির্দলদের দলে ফেরানোর পালা শুরু তৃণমূলে]
সোমবার পুর প্রতিনিধিদের নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকা পরিদর্শন করতে এলে বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভের আকার নেয়। তাঁরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসন আসল অপরাধীদের না ধরে বেছে বেছে এলাকার নিরীহ ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। তাই বিধায়ককে এলাকায় আসতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, এলাকাবাসীর আবেদনের ভিত্তিতেই তিন এদিন খাগরাজোলে এসেছেন। সাধারণ জনগণের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা দেখতে পুরপ্রতিনিধিদের সঙ্গে নাগরিকদের একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমাজবিরোধীদের দৌরাত্ম্য বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
The post সমাজবিরোধীদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত মানুষ, চুঁচুড়ায় বিক্ষোভের মুখে বিধায়ক appeared first on Sangbad Pratidin.
