shono
Advertisement
Rampurhat

খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!

নেতাজি সুভাষচন্দ্র বসু 'ইন'। শ্যামাপ্রসাদ মুখার্জী 'আউট'। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল রাস্তার নাম। না, নতুন নামকরণ নয়, পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল।
Published By: Suhrid DasPosted: 09:45 PM Aug 14, 2026Updated: 09:45 PM Aug 14, 2026

নেতাজি সুভাষচন্দ্র বসু 'ইন'। শ্যামাপ্রসাদ মুখার্জী 'আউট'। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল রাস্তার নাম। না, নতুন নামকরণ নয়, পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রয়েছে। ওই রাস্তাটির নাম দীর্ঘকাল ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রেই গৈরিকীকরণ দেখা যাচ্ছে! একাধিক রাস্তার নামও বদলানোর কথা উঠেছে। সেই আবহে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম বদলে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ রাখা হয়েছিল। 

Advertisement

সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। নেতাজির নামে থাকা রাস্তা কীভাবে বদলে যায়? সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। রাস্তার ধারে গেরুয়া রঙের ফলকও বসানো হয়েছিল। শেষপর্যন্ত পুরনো নাম ফিরিয়ে দেওয়া হল। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রামপুরহাটে রাস্তার পুরনো নাম ফিরল। শ্যামাপ্রসাদের নামের ফলক সরিয়ে বসানো হল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এর ফলক। শুক্রবার সন্ধ্যায় রামপুরহাট পাঁচমাথা মোড়ে এই নতুন নামফলক বসানো হয়। 

আগের ফলক উদ্বোধন হওয়ার মুহূর্ত। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মতিথি উপলক্ষে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নতুন নামকরণ করেন। ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ নামকরণ হয়েছিল। বিতর্ক আবহে পুরসভা সূত্রে জানানো হয়, শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য কোনও আবেদন দেওয়া হয়নি। বিধায়ক একক সিদ্ধান্তে নামকরণ করতে পারেন না! রাস্তার নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হয়েছে বলেও সরব হন বিরোধীরা।

এই বিতর্কের মধ্যেই আজ, শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামপুরহাটে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। কর্মসূচি শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কোথাও যদি ওই রাস্তার নাম ‘নেতাজি রোড’ হিসেবে উল্লেখ করা থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হোক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা রাস্তার নাম পরিবর্তন করে ফের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হবে। বিধায়কের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচমাথা মোড়ে আগে লাগানো ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’-এর নামফলক খুলে নেওয়া হয়। তার পরিবর্তে সেখানে বসানো হয় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এর নতুন নামফলক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement