shono
Advertisement
Netaji Subhas Chandra Bose

পাঁচ টাকার কয়েনে নেতাজি, নোটে ভারতমাতার প্রতিকৃতি! অসামান্য সৃষ্টি নবম শ্রেণির পডুয়ার

অভিনব ভাবনা ও শিল্পকর্মে বিপ্লবীদের শ্রদ্ধা জানানো কৃষ্ণনগরের ওই পড়ুয়ার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
Published By: Sucheta SenguptaPosted: 09:40 PM Aug 14, 2026Updated: 09:40 PM Aug 14, 2026

শিল্পের কোনও নির্দিষ্ট সীমারেখা হয় না, নির্দিষ্ট ক্যানভাসে তা ধরাও যায় না। একথাই যেন নতুন করে প্রমাণ করল নদিয়ার কৃষ্ণনগরের নবম শ্রেণির এক ছাত্র। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো একটি পাঁচ টাকার নোটের উপর এঁটেল মাটি দিয়ে প্রায় দু'ইঞ্চি ‘ভারতমাতা’ এবং এক ইঞ্চির ‘নেতাজি সুভাষচন্দ্র বসু’র ত্রিমাত্রিক মূর্তি ফুটিয়ে তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ঘূর্ণি পুতুলপট্টির কিশোর সন্দীপ পাল। শুধু কাগুজে নোটই নয়, একটি পাঁচ টাকার ধাতব মুদ্রার (কয়েন) উপর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলেছে নেতাজির আবক্ষ অবয়ব।

Advertisement

আসলে কৃষ্ণনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সন্দীপের রক্তে মিশে রয়েছে মৃৎশিল্পের ঐতিহ্য। ঘূর্ণির ঐতিহ্যবাহী মৃৎশিল্পী পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই মাটির গন্ধ আর পুতুল তৈরির পরিবেশেই তার বেড়ে ওঠা। বাবা ও প্রয়াত দাদুর পাশাপাশি সন্দীপের এই শিল্পের হাতেখড়ি ও অনুপ্রেরণা তার জ্যাঠামশাই, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট মৃৎশিল্পী সুবীর পালের কাছে। ছোটবেলা থেকেই জ্যাঠার শিল্পকর্ম দেখে এবং তাঁর সান্নিধ্যে থেকে মাটির কাজে সন্দীপের গভীর আগ্রহ জন্মায়।

৫টাকার নোটের উপর মাটির টানে ফুটে উঠেছে নেতাজি ও ভারতমাতা, শিল্পী নবম শ্রেণির সন্দীপ। নিজস্ব ছবি

সন্দীপ জানায়, ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ও ভারতমাতাকে শ্রদ্ধা জানানোর অভিনব পন্থা খুঁজছিল সে। সেই ভাবনা থেকেই পাঁচ টাকার নোটে এই সৃষ্টিকর্ম। টানা একদিনের একনিষ্ঠ পরিশ্রমে সে নোট ও কয়েনকে ক্যানভাস হিসেবে বেছে নিয়ে এই মিনিয়েচার বা ক্ষুদ্র ভাস্কর্য গড়ে তোলে। নোটের সীমিত জায়গার মধ্যে মাটির সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন হলেও নিজের নিষ্ঠা ও দক্ষতায় তাকে নিখুঁত রূপ দিয়েছে সন্দীপ। এর আগেও নানা ধরনের প্রতিকৃতি ও ছোট মডেল তৈরি করেছে এই স্কুলছাত্র। কিন্তু মুদ্রার উপর এমন কাজ এই প্রথম।

ভবিষ্যতে মিনিয়েচার আর্ট নিয়ে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন রয়েছে সন্দীপের। পড়াশোনার পাশাপাশি ঘূর্ণির ঐতিহ্যবাহী মাটির পুতুল ও ভাস্কর্য শিল্পকে আধুনিক রূপ দিয়ে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় এই তরুণ প্রতিভা। সুযোগ পেলে নিজের এই সৃষ্টিকে বড় প্রদর্শনীতে পৌঁছে দেওয়ার ইচ্ছে সন্দীপের। নবম শ্রেণির স্কুলপড়ুয়ার এই অভিনব শিল্পকর্মে শুধু কৃষ্ণনগরবাসীই নন, মুগ্ধ শিল্পপ্রেমীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement