সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভয়াবহ দুর্ঘটনার কবলে একই পরিবারের চারজন। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন বাইক আরোহী। গুরুতর জখম আরও তিনজন। দুর্ঘটনায় পা কাটা গেল শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে। ঘটনায় বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তুমুল যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ আসায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। কিন্তু হই-হট্টগোলের মধ্যে যন্ত্রণায় কাতর শিশুকন্যার দিকে নজরই দিল না কেউ। পুলিশই এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
[পুলিশের নাকের ডগায় আদালত চত্বরে অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডব]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে একই পরিবারের চারজন বাইকে চেপে গোবাগ রামপুর থেকে আসছিল। বাবা-মা ও তাঁদের দুই সন্তান। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে অভিযোগ। ছররা গ্রামে একটি উপনয়নের অনুষ্ঠান থেকে তাঁরা ফিরছিলেন। পারা থানার ঝাপড়া মোড়ের কাছে আসানসোলের দিকে থেকে আসা একটি দ্রুতগামী পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালক ভুবনেশ্বর চৌধুরির (৩৪)। গুরুতর জখম হন তাঁর স্ত্রী শিউলি চৌধুরি (৩০) ও পাঁচ বছরের ছেলে। দুর্ঘটনায় ডান পা কাটা যায় সাত বছরের মেয়ের। যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকে সে।
স্ত্রীর বিরুদ্ধে সন্তানদের পাচারের অভিযোগে আদালতের দ্বারস্থ স্বামী
এই ঘটনার পরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু রাস্তায় যন্ত্রণায় কাতর শিশুকন্যার দিকে হুঁশই ছিল না কারওর। দুর্ঘটনাটি হয় ভোর সাড়ে ছ’টা নাগাদ। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় একঘণ্টা পর। সকাল আটটা পর্যন্ত পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় দেবেন মাহাতো হাসপাতালে। পুলিশি মধ্যস্থতায় আটটার পর ওঠে অবরোধ। তবে দেড় ঘণ্টা অবরোধের দরুন তুমুল যানজটের সৃষ্টি হয়। চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা।
স্ত্রীকে খুন করে সাধুর বেশে আত্মগোপনকারী স্বামীকে গ্রেপ্তার করল সিআইডি
ছবি- সুনীতা সিং
The post ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, কাটা পা নিয়ে যন্ত্রণায় কাতর শিশুকে নজরই দিল না কেউ appeared first on Sangbad Pratidin.
