shono
Advertisement

Breaking News

West Bengal Tourism

দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের

এছাড়া দিঘা, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম-নবদ্বীপেও পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
Published By: Jaba SenPosted: 10:26 PM Aug 25, 2026Updated: 10:26 PM Aug 25, 2026

যানজট এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দার্জিলিংয়ে পর্যটকদের সুবিধায় রোপওয়ে, আর সুন্দরবন ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে প্রমোদতরী নামানোর ভাবনা পর্যটন দপ্তরের। এছাড়া দিঘা, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম-নবদ্বীপেও পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক হয়। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঠিক রয়েছে, পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচিত হবে। যা করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মুখ্যসচিব মনোজ আগারওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে পর্যটন দপ্তরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যার মধ্যে অন্যতম হল পর্যটন দপ্তরের অন্তর্গত সমস্ত সম্পত্তির আধুনিকীকরণ এবং অন্য সহযোগী দপ্তরের মধ্যে নিখুঁত সমন্বয় স্থাপন করা।

পাহাড় ভ্রমণকে আরো আকর্ষণীয় করতে রোপওয়ের পাশাপাশি সমতল এবং উপকূলের পর্যটনেও ঢালাও বদল আসছে। সুন্দরবনের নদীপথে বিলাসবহুল প্রমোদতরী বা রিভার ট্যুরিজম চালুর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া দিঘা এবং মন্দারমণির মতো জনপ্রিয় সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের বিনোদনের জন্য স্পিডবোট নামানোর সিদ্ধান্ত হয়েছে। তবে শুধুই বিনোদন নয়, পর্যটকদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। সেই কারণে সুন্দরবন এবং দিঘা-মন্দারমণি অঞ্চলে আপৎকালীন পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্স ও রেসকিউ বোট সবসময়ের জন্য প্রস্তুত রাখা হবে। পর্যটন দপ্তরের নিজস্ব উদ্যোগে নতুন পর্যটনস্থল গড়ে তোলা এবং এই রাজ্যকে আকর্ষণীয় ‘ওয়েডিং ডেস্টিনেশন’ বা বিবাহ বাসর হিসেবে দেশের কাছে তুলে ধরার বিষয়েও মুখ্যমন্ত্রী এদিন রূপরেখা তৈরি করে দিয়েছেন। দ্রুত পরিষেবা দিতে পর্যটন দপ্তরে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলার এই বিপুল প্রাকৃতিক সৌন্দর্যকে গোটা দেশের সামনে তুলে ধরতে এবার আগ্রাসী প্রচারের জন্য রাস্তায় নামছে রাজ্য। সব মিলিয়ে পর্যটন দপ্তরের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। যার প্রতীক হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর পুণ্য তিথিতে পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচিত হতে চলেছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমেও এই বৈঠকের নির্যাস তুলে ধরেন পর্যটনমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement