রাজা দাস, বালুরঘাট: জেলায় একটিও সরকারি বিএড কলেজ নেই। তাই শিক্ষকতার চাকরির দৌড়ে বার বার পিছিয়ে পড়ছেন জেলার মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীরা। তাই তাঁদের কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুরে বিএড কলেজ তৈরিতে উদ্যোগী হল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। এব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিপ্লব মিত্র। ইতিমধ্যে জেলাশাসকের দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়েছে। হিলি এলাকায় প্রস্তাবিত জমিও পাওয়া গিয়েছে। রাজ্যের তরফেও সরকারি বিএড কলেজ নির্মাণে অনুমতি মিলবে বলেই আশা করছেন বিপ্লববাবু।
[ন’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের, বালুরঘাটে চাঞ্চল্য]
উল্লেখ্য, গোটা দক্ষিণ দিনাজপুরে জেলায় রয়েছে বেসরকারি বিএড ও ডিএড কলেজ। একটি মাত্র সরকারি ডিএড কলেজ থাকলেও কোনও সরকারি বিএড কলেজ জেলায় গড়ে ওঠেনি। এদিকে বেসরকারি বিএড কলেজের ভর্তি ফি আকাশছোঁয়া। তাই মেধার মাপকাঠিতে যোগ্যতা থাকলেও সঙ্গতি না থাকায় ভরতি হতে পারেন না অনেকেই। সেদিকে নজর রেখেই জেলাতে সরকারি বিএড কলেজ তৈরির জন্য প্রথম উদ্যোগী হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক বিপ্লব মিত্র। এনিয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে বিপ্লববাবু জানান, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিতে বিএড ও ডিএড ডিগ্রি এখন বাধ্যতামূলক। এই মুহূর্তে জেলার কুরমাইলে একটি সরকারি ডিএড কলেজ চালু রয়েছে। সেখানে আসন সীমিত। তিনি বিধায়ক থাকাকালীন বংশীহারির গাংগুড়িয়াতে আরও একটি ডিএড কলেজ তৈরির চেষ্টা হলেও সেটি সম্পূর্ণ চালু হয়নি। সেটি চালু হবে কিছু দিনের মধ্যে। তবে জেলাতে সরকারি বিএড কলেজ আজও নেই। ফলে বেসরকারি বিএড কলেজ থেকেই ছাত্রছাত্রীদের কোর্স করতে হচ্ছে। যার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা। সেক্ষেত্রে পিছিয়ে পড়ছেন দুঃস্থ মেধাবীরা। তাঁরা কোর্স না করতে পেরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। সেদিকে নজর রেখেই জেলাতে প্রথম একটি সরকারি বিএড কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হিলি ব্লকের বাসিন্দারা ইতিমধ্যেই কলেজ তৈরির জন্য জায়গা দিয়েছেন। আরও অনেকে বিএড কলেজের জন্য জমি দান করতে এগিয়ে এসেছেন। জেলাশাসকের কাছেও কলেজ তৈরির অনুমোদনের জন্য আবেদন পেশ করেছেন।পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছেও প্রস্তাব রেখেছেন। তার আশা, রাজ্য সরকার এই ব্যাপারে অনুমোদন দেবে। পরে জেলায় আরও দুটি বিএড ও ডিএড কলেজ চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
[‘উপহার নয়, বিয়েতে ভালবেসে রক্তদান করুন’]
The post দক্ষিণ দিনাজপুরে এবার সরকারি বিএড কলেজ তৈরিতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ appeared first on Sangbad Pratidin.
